আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবর সঠিক নয় বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন বলে এক্স পোস্টে (সাবেক টুইটার) জানিয়েছেন তার নির্বাহী ডেপুটি মো. জাফর কিয়ামফানা। আর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, ‘এবারও তাদের হত্যাচেষ্টা সফল হয়নি।’
অন্যদিকে ইরানের সেনাবাহিনী তাদের কমান্ডার আমির হাতেমির মৃত্যুর খবর প্রত্যাখ্যান করেছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কোয়ালিবাফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও অক্ষত আছেন।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তেহরানে তারা যে সব জায়গায় হামলা চালিয়েছে সেখানে সিনিয়র রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার জড়ো হয়েছিলেন।
এর আগে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স দাবি করে, যুক্তরাষ্ট্র হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ প্রাণ হারিয়েছেন।
পাশাপাশি ইসরায়েল দাবি করে, তারা তাদের অনুসন্ধান থেকে জানতে পেরেছে বিপ্লবী গার্ড প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ইরানের গোয়েন্দা শাখার প্রধান নিহত হয়েছেন।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের বাসভবন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ একটি সূত্রের বরাতে দাবি করেছে, খামেনি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি।
এদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সকাল থেকে ইসরায়েলের কয়েকটি শাহরে হামলা চালিয়েছে দেশটি। হামলা করা হয়েছে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতেও।
এএইচ