images

আন্তর্জাতিক

ইরানে হামলা করে নিজের ‘আসল চেহারা’ দেখাল যুক্তরাষ্ট্র: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান আড়াল করতে পরমাণু আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, ‘শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখাল’। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেদভেদেভ আরও অভিযোগ করেন, ‘ইরানের সঙ্গে সব আলোচনা ছিল কেবল ঢাল। কারও কোনো সন্দেহ ছিল না, কারও কোনো কিছুর সঙ্গে একমত হওয়ার প্রয়োজনও ছিল না।’

অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করার জন্য আগের মতোই প্রস্তুত রয়েছে রাশিয়া।

এরআগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  

সূত্র: আলজাজিরা


এমএইচআর