images

আন্তর্জাতিক

ইরানে হামলা, নিরাপদ স্থানে সরানো হয়েছে আয়াতুল্লাহ খামেনিকে

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই। তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে।

এদিকে বিবিসি আরবি বিভাগ জানিয়েছে, তেহরানে খামেনির সদর দফতর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির সদর দফতর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদ যেখানে, তার আশেপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ‘প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সুস্থ রয়েছেন এবং কোনো সমস্যা নেই’। একই তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ও ইসনা নিউজ এজেন্সি।

10
ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলার একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

এএফপি জানিয়েছে, ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে এবং সাধারণত জনবহুল এমন এলাকায় সড়কগুলো বন্ধ রাখা হয়েছে।

সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে সেটি কি বিমান হামলার কারণে, নাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা হয়েছে তা নিশ্চিত নয়। তেহরানের বিভিন্ন অংশ, বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত থেকে ইরানে একযোগে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এই যুদ্ধের জেরে আতঙ্ক এবং উৎকণ্ঠ গোটা বিশ্বজুড়ে।

এএইচ