আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ এএম
বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরের ব্যস্ত সড়কে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। খবর স্কাই নিউজ ও তাসের।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ইউনিটেল জানিয়েছে, বলিভিয়ার বিমানবাহিনীর হারকিউলিস বিমানটি দেশের অভ্যন্তরে নতুন টাকার নোট পরিবহন করছিল।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, বিমানটি সান্তা ক্রুজ শহর থেকে ছেড়ে যাওয়ার পর রানওয়ে থেকে ছিটকে পাশের একটি রাস্তায় পড়ে বিধ্বস্ত হয়।
রয়টার্স জানিয়েছে যে সোশ্যাল মিডিয়া ফুটেজে বিধ্বস্ত হওয়ার পর মাটিতে পড়ে থাকা টাকা তুলতে লোকজনের উপস্থিতির বিশৃঙ্খল দৃশ্য দেখানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কর্তৃপক্ষ পানির পাইপ ব্যবহার করে লোকজনকে রক্ষা করে।
বলিভিয়ার অগ্নিনির্বাপক বিভাগের প্রধান পাভেল টোভার বলেন, দুর্ঘটনার ফলে বিমানের সব ক্রু সদস্য মারা গেছেন। চিকিৎসক এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

সি-১৩০ হারকিউলিস বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বেশ কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বলিভিয়ার সেন্ট্রাল ব্যাংকের নির্দেশ অনুযায়ী বিমানটি টাকা বহন করছিল। নোট সংগ্রহের জন্য ধ্বংসস্তূপের আশেপাশে অসংখ্য মানুষ জড়ো হয়।
-এমএমএস