আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
আফগানিস্তানের মধ্যে উত্তেজনার আবহে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ‘অঞ্চলের পরিস্থিতি’ এবং ‘উত্তেজনা কমানোর উপায়’ নিয়ে আলোচনা করেছেন।
যদিও ইসহাক দার বর্তমানে একটি সরকারি সফরে সৌদি আরবেই রয়েছেন।
প্রসঙ্গত, গত বছর নিজেদের নিরাপত্তার স্বার্থে এক ঐতিহাসিক ও কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব।
গত বছরের ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক মিউচ্যুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট (এসডিএমএ) চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই সমঝোতাকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন ঘটলে, তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে হামলার প্রতিক্রিয়ায় যৌথ প্রতিরোধ গড়ে তোলার বিষয়টি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তবে আফগানিস্তানের সঙ্গে চলমানে সংঘাতে পাকিস্তানের পক্ষে সৌদি আরব দাঁড়াবে কিনা বা পাকিস্তান এ বিষয়ে সৌদির সাহায্য চেয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
এরআগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের দিকে পাকিস্তানের সীমান্ত এলাকায় হামলা চালায় আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষের বক্তব্য, গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তের পাকিস্তানি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কিছু পাকিস্তানি সৈন্যকে আটক করেছে।
তিনি আরও দাবি করেন, এ হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে এই সংখ্যার বিষয়টি কেউ স্বাধীনভাবে নিশ্চিত করেনি।
এরপরই জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে দেশটির রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২ শতাধিক। এ ছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা করা হয়েছে।
এদিকে আফগানিস্তান ও পাকিস্তানকে সংলাপ ও সুপ্রতিবেশীসুলভ নীতির মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এটিকে আত্মসংযম ও ইসলামী সংহতির উল্লেখযোগ্য সময় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরান গঠনমূলক সংলাপ এগিয়ে নিতে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।
সূত্র: বিবিসি
এমএইচআর