images

আন্তর্জাতিক

বিদেশি কর্মী নিয়োগে কঠোর আইন আরোপ সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

শ্রম বাজার স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টার অংশ হিসেবে শ্রম লঙ্ঘন ও জরিমানা সংক্রান্ত আইন সংশোধন করেছে সৌদি আরব। সংশোধনী অনুযায়ী, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি শ্রমিক নিয়োগের জন্য ১০ হাজার রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী আহমেদ আল রাজি এই সিদ্ধান্ত জারি করেছেন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী; শ্রম আইনের ১৬৭ ধারা লঙ্ঘন করে ১৫ বছরের কম বয়সি শিশুকে নিয়োগ করা একটি গুরুতর অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে ৫০ জন বা তার বেশি কর্মী আছে এমন প্রতিষ্ঠানের জন্য ২ হাজার রিয়াল জরিমানা নির্ধারণ করা হয়েছে।
 
অন্যদিকে কোনো নিয়োগকর্তা যদি বিদেশি শ্রমিকের পাসপোর্ট বা আবাসিক পারমিট নিজের কাছে আটকে রাখেন তাহলে তাকে ৩ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। 

আর শ্রম আইনের ১০ নম্বর অধ্যায়ের অধীনে কিশোরদের নিয়োগ নিয়ন্ত্রণকারী নিয়ম লঙ্ঘন করলে কোম্পানিগুলোকে ১ হাজার ৫০০ রিয়াল জরিমানা করা হতে পারে।
 
নারী কর্মীদের ক্ষেত্রে আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি দিতে ব্যর্থ হলে নিয়োগকর্তাদের প্রতি কর্মীর জন্য ১ হাজার রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়াও যেসব প্রতিষ্ঠানে ৫০ বা তার বেশি নারী কর্মী আছেন, যাদের  কমপক্ষে ১০ জন ৬ বছরের কম বয়সি শিশু রয়েছে, সেসব প্রতিষ্ঠানে অবশ্যই চাইল্ড কেয়ার বা নার্সারি সুবিধা ব্যবস্থা করতে হবে। এ নিয়ম লঙ্ঘন করলে ৩ হাজার রিয়াল জরিমানা হতে পারে।
 
এছাড়া যেসব নিয়োগকর্তা ইলেকট্রনিক পদ্ধতিতে কর্মসংস্থান চুক্তিপত্র করতে ব্যর্থ হবেন, তাদের প্রত্যেক কর্মীর জন্য ১ হাজার রিয়াল জরিমানা নির্ধারণ করা হয়েছে।
 
নতুন জারি করা সংশোধনীতে অননুমোদিত নিয়োগ কার্যক্রমের জন্যও বড় অংকের জরিমানা আরোপ করা হয়েছে। যথাযথ অনুমোতি ছাড়া সৌদি নাগরিক বা বিদেশি কর্মী নিয়োগ বা নিয়োগে জড়িত ব্যক্তিদের প্রথম অপরাদের জন্য ২ লাখ রিয়াল, একই অপরাধ দ্বিতীয়বার করলে ২ লাখ ২০ হাজার রিয়াল এবং তৃতীয়বার করলে ২ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। 

সূত্র: গালফ নিউজ


এমএইচআর