images

আন্তর্জাতিক

মোদির আলিঙ্গনে একটা বিশেষ ব্যাপার আছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তেল আবিবের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী। বিমান থেকে নেমেই নেতানিয়াহুকে জড়িয়ে ধরেন মোদি।  

সেই আলিঙ্গনে প্রসংশা করে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘মোদি যেভাবে আলিঙ্গন করেন, তার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। এর নাম হলো ‘মোদি হাগ’। এখন বিশ্বজুড়ে এটা পরিচিত বিষয়। যখন আপনি কাউকে এভাবে জড়িয়ে ধরছেন, সত্যিই তখন তা কোনো কাজ নয়, এটা বাস্তব জিনিস। আমিও এর প্রতিদান দিতে চাই। এটা শুধু আমাদের ব্যক্তিগত বন্ধুত্বের প্রতিফলন নয়, দুই দেশের মানুষের সম্পর্কের উষ্ণতারও প্রতিফলন।’

মোদির উদ্দেশে নেতানিয়াহু আরও বলেছেন, ‘আপনি ইসরায়েলের এক মহান বন্ধু এবং বিশ্বের একজন মহান নেতা। আপনি আমার কাছে বন্ধুর থেকেও বেশি, আপনি আমার ভাই।’

এদিকে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ‘এই অনিশ্চিত বিশ্বে ভারত ও ইসরায়েলের বন্ধুত্ব যাতে একটা শক্তির উৎস হয়ে থাকে তা আমরা নিশ্চিত করতে চাই।’

মোদি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো বাড়ানোর বিষয়ে ভারত দায়বদ্ধ। এর মধ্যে সুরক্ষা যেমন আছে, তেমনই এআই ও কোয়ান্টাম প্রযুক্তিও আছে। আমরা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ পরিকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও দায়বদ্ধ।’

ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মোদি বলেছেন, ৭ অক্টোবর হামাসের সেই 'বর্বরোচিত সন্ত্রাসী' হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের প্রত্যেকের জন্য আমি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।

এছাড়া ইসরায়েলি সংসদে দাঁড়িয়ে তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন। কিন্তু একটি বারের জন্যও ইসরায়েলের চালানো গণহত্যা নিয়ে মুখ খোলেননি।

সূত্র: ডয়েচে ভেলে, এনডিটিভি


এমএইচআর