আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় এক বিয়ের অনুষ্ঠানে উৎসব-আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হল শোকের ঘটনায়। মালাবদলের অনুষ্ঠানের মাঝেই বিয়ের মঞ্চে উঠে কনেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে তারই ‘প্রেমিকের’ বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে বক্সার জেলার মুফস্সিল থানা এলাকার অন্তর্গত চৌসা নগর পঞ্চায়েত-এর মোল্লা টোলি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কনে ১৮ বছর বয়সী আরতি কুমারী। অভিযুক্তের নাম দীনবন্ধু, যিনি কনের প্রতিবেশী বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবকের সঙ্গে আরতির কোনও প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে স্থানীয়দের একাংশের দাবি, দীনবন্ধু দীর্ঘদিন ধরে আরতিকে উত্যক্ত করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে মালাবদল অনুষ্ঠান চলছিল, সম্ভবত কনের বোন মঞ্চে উঠে কোনও একটি রীতি সম্পন্ন করছিলেন। সেই সময় অভিযুক্ত দীনবন্ধু মঞ্চে উঠে কনে আরতি কুমারীকে লক্ষ্য করে গুলি চালায়। তার পেটে নাভির কাছে গুলি লাগে এবং সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন আরতি। যার জেরে মুহূর্তের মধ্যে অনুষ্ঠানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খলা শুরু হয়। আতঙ্কিত হয়ে অতিথিরা ছুটোছুটি করে অনুষ্ঠানস্থল ছাড়তে শুরু করেন। সুযোগ বুঝে অভিযুক্ত যুবকও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাই বিয়ের ভিডিও করতে আসা ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েছে।
এদিকে গুরুতর আহতাবস্থায় আরতিকে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বারাণসী ট্রমা সেন্টারে রেফার করেন চিকিৎসক। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অভিযুক্ত দীনবন্ধু ঘটনার পর থেকে পলাতক থাকলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করেছে।
অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একটি মদ–সংক্রান্ত মামলায় জেলে যাওয়ার রেকর্ড রয়েছে। তাকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে উত্তর প্রদেশের বালিয়া জেলা থেকে আসা বরযাত্রীরা ঘটনার পরপরই বাড়ি ফিরে যান।
সূত্র: এনডিটিভি
এমএইচআর