images

আন্তর্জাতিক

মাদক কারবারি ‘এল মেনচোর’ মৃত্যুতে উত্তপ্ত মেক্সিকো, সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

সেনা অভিযানে মেক্সিকোর ভয়ঙ্কর জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা নেমিসিও অসিগুয়েরা স্যাভাতেস ওরফে ‘এল মেনচো’-এর মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় নিরাপত্তা জোরদারে হাজার হাজার সেনা মোতায়েন করেছে দেশটির সরকার।

রবিবার থেকে এ পর্যন্ত মোট প্রায় ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকাডো ত্রেভিয়া বলেন, সোমবার পশ্চিমাঞ্চলীয় এলাকায় অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা পাঠানো হয়েছে। এল মেনচোর মৃত্যুর পর অন্তত ২০টি অঙ্গরাজ্যে অস্থিরতা দেখা দিয়েছে।

রবিবার পশ্চিমাঞ্চলীয় জালিস্কো অঙ্গরাজ্যে মেক্সিকোর বিশেষ বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়ার পর হেফাজতে মারা যান এল মেনচো। তিনি ছিলেন কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনসি)-এর প্রধান।

তথ্য অনুযায়ী, সহিংসতা শুরুর পর থেকে শুধু জালিস্কো অঙ্গরাজ্যেই মেক্সিকোর ন্যাশনাল গার্ড-এর অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী ত্রেভিয়া জানান, এল মেনচোর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া তার এক প্রেমিকাকে নজরদারিতে রাখার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালানো হয়।

অভিযানের সময় এল মেনচোর দেহরক্ষীদের সঙ্গে সামরিক কমান্ডোদের গোলাগুলিতে তিনি গুরুতর আহত হন। পরে জালিস্কোর তাপালপা শহর থেকে রাজধানী মেক্সিকো সিটি-তে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে এল মেনচোর অন্তত ছয় দেহরক্ষী নিহত হন এবং তিনজন সামরিক সদস্য আহত হন।

নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ বলেন, এল মেনচোর মৃত্যুর পর সৃষ্ট সহিংসতায় একজন কারারক্ষী, রাজ্য কৌঁসুলির দফতরের একজন সদস্য এবং তার অপরাধচক্রের অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সেনাবাহিনীর অভিযানের প্রশংসা করে বলেন, সারাদেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, ‘দেশে শান্তি আছে, সরকার সক্রিয় আছে, সশস্ত্র বাহিনী মাঠে আছে এবং সমন্বয় রয়েছে।’

এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর যেসব শহর ও এলাকায় সিজেএনজি সক্রিয়, সেখানে সংগঠনটির সদস্যরা হামলা চালায়।

এমআর