আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে উল্টে পড়ে নিউজিল্যান্ডের এক পর্যটকসহ কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় ত্রিশুলি নদীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। খবর এএফপির।
নেপালের আধা সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্স শাখার মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা এএফপিকে বলেন, বিদেশি পর্যটকসহ মোট ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু’র উদ্দেশে রওনা হয়েছিল।
পৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় দুর্ঘটনা বশত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ত্রিশুলি নদীতে উল্টে পড়ে। স্থানীয় সময় বোরবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটে এ দুর্ঘটনা।
বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, দুর্ঘটনা ঘটার পর নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে।
দুর্ঘটনা কবলিত বাস এবং নদী থেকে মোট ১৮ জন যাত্রীর মরদেহ এবং জাপান এবং নেদারল্যান্ডসের পর্যটকসহ ২৮ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন নাগরিক আছেন এবং তিনি পুরুষ। আর আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দু’জন নারী আছেন। পর্যটক হিসেবে নেপালে এসেছিলেন তারা।
ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, দুর্ঘটনার জন্য পাহাড়ি রাস্তায় বাসটির উচ্চগতি দায়ী।
-এমএমএস