আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
ভারতে রাজধানী নয়াদিল্লিতে চলমান কৃত্তিম বুদ্ধিমত্তা— এআই শীর্ষ সম্মেলনে একটি চীনা তৈরি রোবোটিক কুকুরকে নিজেদের অভ্যন্তরীণ উদ্ভাবন হিসাবে মিথ্যাভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে দেশটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এ নিয়ে ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত সরকারের আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিটে’ এই বিতর্কের সূত্রপাত হয়। সামিটে অংশ নেওয়া গ্রেটার নয়ডা-ভিত্তিক গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং রাষ্ট্রীয় সম্প্রচার দূরদর্শন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওরিয়ন নামে একটি রোবোটিক কুকুর দেখিয়ে দাবি করেন এটি গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স তৈরি করেছে।
তার এই সাক্ষাৎকারটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেখানে ব্যবহারকারীরা রোবোটিক কুকুরটিকে ‘ইউনিট্রি গো২’ হিসেবে শনাক্ত করেন, যা চীনের ইউনিট্রি রোবোটিক্স কোম্পানির নির্মিত একটি বাণিজ্যিকভাবে রোবট। এটি বিশ্বজুড়ে গবেষণা ও শিক্ষামূলক পরিবেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এদিকে সত্য প্রকাশিত হওয়ার পর সম্মেলনের আয়োজকরা গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে তাদের প্রদর্শনী স্টল খালি করার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অধ্যাপক নেহা সিংকে এই ঘটনার জন্য দায়ী করেছে।
গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অধ্যাপক নেহা সিং প্যাভিলিয়নের দায়িত্বে থাকা আমাদের প্রতিনিধিদের একজন ছিলেন, যিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত ছিলেন না। তিনি রোবটটির প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না এবং ক্যামেরার সামনে থাকার উৎসাহে, তিনি বাস্তবিকভাবে ভুল তথ্য দিয়েছেন... এই উদ্ভাবনকে ভুলভাবে উপস্থাপন করার কোনও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ছিল না’।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, আয়োজকদের উদ্বেগের কথা বিবেচনা করে তারা তাদের প্রদর্শনী স্টল খালি করে দিয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর