images

আন্তর্জাতিক

শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক।

মহাসচিব জানান, সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে মুখপাত্র বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ।

তিনি জানান, জাতিসংঘ মহাসচিব সব সময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার ওপর জোর দেন। গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার প্রত্যাশা করেন তিনি।

এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদান-সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছেন। কঠিন ও বিভক্তির এ সময়ে সবাইকে রমজানের তাৎপর্য মনে ধারন করে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানাই।

এফএ