images

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, কমেছে রুপার দামও

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। এই সপ্তাহের শেষের দিকে মার্কিন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মূল্যবান এই ধাতুটির দামে নিম্নমুখিতা দেখা গেছে। একই কারণে কমেছে আরেক মূল্যবান ধাতু রুপার দামও। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৩ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ৪২ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে। যদিও গতকাল সোমবার প্রতি আউন্স স্বর্ণ ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। আর গত ২৯ জানুয়ারী রেকর্ড সর্বোচ্চে ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারের পৌঁছেছিল স্বর্ণের দর।

এদিকে এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৩ শতাংশ কমে ৫ হাজার ৬৫ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও অর্থনৈতিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। কারণ অর্থনৈতিক তথ্যের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করে মার্কিন ফেডারেল ব্যাংক, আর সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নির্বাচনী জয়ের পর এশীয় বাণিজ্যে বৈশ্বিক শেয়ারবাজারের অগ্রগতি ঘটেছে। এতে মার্কিন ডলারের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়েছে, যার ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে।

অ্যাক্টিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেছেন, ‘মার্কিন অর্থনৈতিক সূচকের বৃদ্ধির আশঙ্কায় সপ্তাহের শুরুতে বাজারে ঝুঁকির প্রবণতা দেখা দিয়েছে, যা স্বর্ণের দামের উপর প্রভাব ফেলেছে। তবে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং চলতি বছর কমপক্ষে দুই বার ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনার পটভূমিতে স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা এখনও ঊর্ধ্বমুখী।’

এদিকে মঙ্গলবার স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৭ শতাংশ কমে ৮১ দশমিক ৮৯ ডলার লেনদেন হচ্ছে, যদিও আগের সেশনে প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল মূল্যবান এই সাদা ধাতুর দাম। এরআগে গত ২৯ জানুয়ারী সর্বকালের সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছিল রুপা। 

সূত্র: রয়টার্স


এমএইচআর