Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আগামী সপ্তাহে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

আগামী সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। 

প্রতিবেদনে বলা হয়, পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই দলের ভেতরেই স্টারমারের পদত্যাগ নিয়ে জোর আলোচনা চলছে। ম্যান্ডেলসনের সঙ্গে মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এই কেলেঙ্কারির জেরে ইতোমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি রোববার পদত্যাগ করেছেন।

ব্লুমবার্গ জানিয়েছে, স্টারমার এখনও প্রধানমন্ত্রীর পদে থাকা নিয়ে লেবার পার্টির অনেক এমপি বিস্মিত, কারণ ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগের অনুমোদন দিয়েছিলেন তিনিই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ ডাউনিং স্ট্রিটের বা প্রধানমন্ত্রী কার্যালয়ের কিছু কর্মকর্তা গোপনে মন্ত্রিসভার সদস্যদের স্টারমারকে পদত্যাগে রাজি করানোর আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ এমনকি নিজেদের পদত্যাগের হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর বিদায় ত্বরান্বিত করার কথাও ভাবছেন। এক মন্ত্রীর উপদেষ্টার মতে, আগামী সপ্তাহেই স্টারমারের পদত্যাগের সম্ভাবনা ‘৫০-৫০’।

এদিকে নিজের অবস্থান ধরে রাখতে স্টারমার তার সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারকে আবার সরকারে ফিরিয়ে আনার প্রস্তাব দিতে পারেন বলে জানা গেছে, যিনি গত সেপ্টেম্বর দক্ষিণ ইংল্যান্ডে একটি ফ্ল্যাট কেনার সময় স্ট্যাম্প ডিউটি না দেওয়ার অভিযোগের মধ্যে পদত্যাগ করেছিলেন। পাশাপাশি, জ্বালানি বিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ডকে আরও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে। 

এর আগে স্টারমার পদত্যাগ করলে রেইনার ও মিলিব্যান্ড— দুজনকেই সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছিল। এছাড়া স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তালিকায় রয়েছেন—স্বাস্থ্য মন্ত্রী ওয়েস স্ট্রিটিং, স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার, প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং তার উপমন্ত্রী অ্যালিস্টার কার্নস।

প্রসঙ্গত, স্টারমারের সম্ভাব্য পদত্যাগ মানেই যে নতুন সাধারণ নির্বাচন হবে, এমন নয়; বরং লেবার পার্টি দলীয় ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করতে পারে, যিনি সরকার পরিচালনার দায়িত্ব নেবেন। ২০২২ সালে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিও একইভাবে এক বছরের মধ্যে দুইবার প্রধানমন্ত্রী পরিবর্তন করেছিল—(বরিস জনসন ও লিজ ট্রাস)।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, স্টারমার তার সহকর্মী দলের সদস্যদের পদত্যাগ না করার জন্য রাজি করানোর চেষ্টা করবেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি হাউস অব কমন্সে (ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ) এ বিষয়ে ভাষণ দেবেন। এছাড়াও আগামী ১১ ফেব্রুয়ারি লেবার পার্টির নারী এমপিদের সাথে তার আলাদাভাবে বৈঠকের কথা রয়েছে। 

ধারণা করা হচ্ছে যে স্টারমার সোমবার ম্যান্ডেলসনের নিয়োগ সম্পর্কে কথা বলতে জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে পারেন।

সূত্র: তাস


এমএইচআর