Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সৈন্য নিহত, দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে দেশটির ৫৫ হাজার সৈন্য নিহত হয়েছে। গত বুধবার ফ্রান্স টু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুদ্ধে নিহতদের এই সংখ্যার কথা জানান।

তবে, ধারণা করা হয়, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রকৃত প্রাণহানির সংখ্যা জেলেনস্কির উদ্ধৃত করা সংখ্যার চেয়ে অনেক বেশি।

ভলোদিমির জেলেনস্কি ফ্রান্সের এই টিভিতে আরও বলেন, এই যুদ্ধে অফিশিয়ালি নিখোঁজ রয়েছে ইউক্রেনের বিপুল সংখ্যক মানুষ।

ছয় মাস আগে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে দেশটির ৭০ হাজারের বেশি লোক নিখোঁজ বলে জানিয়েছিল।

সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ভলোদিমির জেলেনস্কি এ যু্দ্ধে তার দেশের ৪৩ হাজার প্রাণহানির কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী দেশ ইউক্রেনে রাশিয়া আগ্রসান চালালে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধের অবসানে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এএস