images

আন্তর্জাতিক

আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম

আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই ঘটনা ঘটল।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান আত্মরক্ষার্থে ড্রোনটি ভূপাতিত করে। যুদ্ধজাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স।

সেন্টকম জানায়, ইরানের শাহেদ-১৩৯ মডেলের ড্রোনটি যুদ্ধজাহাজটির দিকে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে আসছিল এবং এর উদ্দেশ্য স্পষ্ট ছিল না। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন বাহিনী উত্তেজনা কমাতে বিভিন্ন উদ্যোগ নিলেও ড্রোনটি জাহাজের দিকে উড়তে থাকে। সে সময় ইউএসএস আব্রাহাম লিংকন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ঘটনা সম্পর্কে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ড্রোনটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কাছে সফলভাবে তথ্য পাঠিয়েছিল বলেও দাবি করা হয়। ড্রোনটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে তাসনিম।

এমআর