images

আন্তর্জাতিক

ভারতের কাশ্মীরে ভূমিকম্প, কেঁপে উঠল আন্দামানও

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম

আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের প্রাথমিক তথ্য অনুসারে, সোমবার ভোর ৫.৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন।

ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে। তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। 

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। অন্যদিকে, কাছাকাছি সময়ে মৃদু ভূমিকম্প হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর বরাতে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের বুদগাম জেলা।

মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে ছিল এর উৎসস্থল বা এপিসেন্টার। 

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী শ্রীনগর। 

এই সব অঞ্চল-সহ শোপিয়ান ও আশেপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ভোর ৩.৩১ মিনিটে কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি।

-এমএমএস