images

আন্তর্জাতিক

‘চিকেনস নেক কেন বন্ধ করবে, কারও বাবার জমি নাকি’, কাকে বললেন অমিত শাহ?

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের উত্তরে জেলা শিলিগুড়ি সফরে করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোর নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ‘চিকেনস নেককে কেন বন্ধ করবে, কারও বাবার জমি নাকি।’  

এ অনুপ্রবেশ রুখতে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন অমিত শাহ।

শনিবার শিলিগুড়িতে এক জনসভায় শিলিগুড়ি ও উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি বিজেপির দুর্ভেদ্য গড়। শিলিগুড়ি অঞ্চলকে গোটা দেশ ভালবাসে। শিলিগুড়ি উত্তরপূর্বে যাওয়ার রাস্তা। সেই কারণে ভালবাসে। কিছু দিন আগে কয়েক জন দিল্লিতে স্লোগান তোলে, চিকেনস নেককে বন্ধ করে দেবে। কেন বন্ধ করবে, কারও বাবার জমি নাকি। এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। দিল্লি পুলিশ তাদের জেলে পুরে দিয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, যারা এই ষড়যন্ত্র করেছিল, ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা তাদের জেল থেকে ছাড়ানোর চেষ্টা করছে। সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়। সুপ্রিম কোর্টও ওদের দাবি খারিজ করে দিয়েছে।

জনসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দিদির নজরে উত্তরবঙ্গ শুধু সোনার ডিম পাড়া মুরগি। এটা বেশিদিন চলবে না। আপনার টাটা বাই বাই-এর সময় এসে গিয়েছে। এই বছরের এপ্রিলের শেষে আপনাকে বিদায় নিতে হবে।’

শাহ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ১০ লাখ কোটির রুপিও বেশি পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন। কংগ্রেসের আমলে সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন দিয়েছেন। ওরা ১০ বছরে দু লাখ কোটি পাঠিয়েছে। মোদীজি পাঠিয়েছেন ১০ লাখ কোটি। আপনাদের কাছে কিছু এসেছে? তাহলে এই ১০ লাখ কোটি কোথায় গেল? এই ১০ লাখ কোটি তৃণমূলের সিন্ডিকেটের কাছে চলে গিয়েছে। আপনারা বিজেপির মুখ্যমন্ত্রী বেছে নিন, সিন্ডিকেটের সকলকে জেলে পুরে দেব।’

ভাষণে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, ‘আমি আজ কথা দিয়ে যাচ্ছি, অনুপ্রবেশ শুধু বন্ধই করব না। পশ্চিমবঙ্গ থেকে ধরে ধরে প্রত্যেক অনুপ্রবেশকারীকে ফেরত পাঠাব।’

আসন্ন নির্বাচনে তৃণমূল সরকারকে সমূলে উৎখাত করতে হবে উল্লেখ করে শাহ বলেন, ‘আজ গোটা দেশে বিজেপি এবং এনডিএ-র ২১টি সরকার রয়েছে। পশ্চিমবঙ্গে আমাদের ৬০ জন কর্মীকে খুন করেছে তৃণমূলের গুন্ডারা। বিজেপির কর্মীরা কী তা সহ্য করবেন? উত্তরবঙ্গের কর্মীরা কী তা সহ্য করবেন? ২১টি সরকার গঠনের পরেও নরেন্দ্র মোদি খুশি নন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পরে তার মুখে হাসি ফুটবে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএইচআর