আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান ইত্তেজনার মধ্যেই ওয়াশিংটন গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সেখানে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই ট্রাম্প প্রশাসনকে ইরানে হামলা চালাতে উস্কানি দিয়েছেন বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সিওস।
আলোচনায় অংশ নেওয়া চারটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, খালিদ বিন সালমান, যিনি কেবিএস নামে পরিচিত এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই- ট্রাম্প প্রশাসনকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর যে হুমকি দিচ্ছেন, তিনি যদি হুমকি অনুযায়ী হামলা না চালান তাহলে ইরানের সরকার আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।’

প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী এমন মন্তব্য দেশটির প্রকাশ্যে ইরানে হামলা চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের সম্পূর্ণ বিপরীত এবং এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির পাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ তিন সপ্তাহ আগেও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলা না চালাতে হুঁশিয়ারি দিয়েছিলেন। তার অনুরোধের প্রেক্ষিতে ওই সময় হামলা পরিকল্পনা স্থগিত করেন ট্রাম্প।
এক্সিওস আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রিন্স খালিদ। ওই বৈঠকের মূল বিষয় ছিল ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা। কিন্তু ট্রাম্প প্রশাসনের কৌশল বা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না পেয়েই বিন সালমান বৈঠক ছেড়ে চলে যান বলে জানা গেছে।
এরপর গতকাল শুক্রবার ওয়াশিংটনে মধ্যপ্রাচ্যবিষয়ক ১৫ জন বিশেষজ্ঞ পর্যবেক্ষক এবং পাঁচটি ইহুদি সংস্থার সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই প্রিন্স খালিদ মন্তব্য করেন, ট্রাম্পের এত হুমকির পর ইরানে এখন যুক্তরাষ্ট্রের হামলা চালাতে হবে। নয়ত ইরান সরকার আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন, “এ মুহূর্তে যদি ইরানে হামলা না হয়, তাহলে বিষয়টি ইরানের সরকারকে আরও শক্তিশালী করবে।”
দুটি সূত্র এক্সিওসকে বলেছেন, মার্কিন মন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে তিনি যেসব কথা বলে এসেছেন, গতকাল সেটিরই পুনরাবৃত্তি হয়ত তিনি করেছেন। অর্থাৎ তারা মনে করছেন, ইরানে হামলা চালাতে মার্কিন সরকারকেও সম্মতি দিয়ে এসেছেন সৌদির মন্ত্রী।
এরআগে গত মঙ্গলবার এক ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেন যে ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কোনো দেশকে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রিয়াদ। এর আগে সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের অবস্থান জানিয়েছে।
তবে অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি কর্মকর্তারা এখন মনে করছেন- ট্রাম্প যেহেতু ইরানে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এতে মার্কিন হামলা আঞ্চলিকভাবে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং তারা এখন আর নিজেদের এই পদক্ষেপের বিরোধিতাকারী হিসেবে দেখাতে আগ্রহী নয়।
সূত্র: এক্সিওস, আনাদোলু
এমএইচআর