images

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা ইসরায়েলের, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, শনিবার গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। 

এর আগে আল নাসের হাসপাতালের প্যারামেডিকস জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের সাতজন নিহত হযেছেন। এরমধ্যে একজন ফিলিস্তিনি ব্যক্তি, তার ৩ ছেলে এবং ৩ নাতি-নাতনি নিহত হয়েছে। অন্যদিকে মধ্য গাজায় ইসরায়েলি হামলা নিহত হন আরও পাঁচ ফিলিস্তিনি।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বারাতে আনাদোলু জানিয়েছে, গাজা শহরের পূর্বে আল-তুফাহ পাড়ার একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-জালা স্ট্রিটে বিমান হামলা চালিয়েছে, পাশাপাশি মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে দুটি হামলা চালিয়েছে, তবে সেখানে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই শিশু।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে দুই বছরের যুদ্ধের অবসান ঘটে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ধারাবাহিকভাবে গাজায় হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। 


সূত্র: আনাদোলু, আলজাজিরা

এমএইচআর