images

আন্তর্জাতিক

ভারতীয় পার্লামেন্টে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, নীরবতা পালন

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম

বাংলাদেশের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালো ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ।

বুধবার (২৮ জানুয়ারি) ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই লোকসভা ও রাজ্যসভায় খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব (অবিচুয়ারি রেফারেন্স) গ্রহণ করা হয়, নীরবতাও পালন করা হয়। 

এদিন রীতিমাফিক লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন। সেই ভাষণ শেষ হওয়ার আধঘণ্টা পর লোকসভার অধিবেশন বসে। সেখানে খালেদা জিয়া, বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রেোর উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, সাবেক সদস্য কবীন্দ্র পুরকায়স্থ, শালিনি পাটিল, ভানুপ্রকাশ মির্ধা, সত্যেোন্দ্রনাথ ব্রহ্ম চৌধুরী এবং সুরেশ কালমাদির মৃত্যুতে শোকপ্রস্তাব নেওয়া হয়। তাদের প্রতি সম্মান দেখাতে নীরবতা পালন করেন সাংসদরা। 

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে খালেদা জিয়ার অবদানের কথা চিরদিন স্মরণ করা হবে।  

রাজ্যসভার অধিবেশনেও খালেদা জিয়া ও অন্য সাবেক সদস্যদের মৃত্যুতে শোকপ্রস্তাব নেওয়া হয়। তার মধ্যে দুই জন হলেন রাজ্যসভার সাবেক সদস্য এল গণেশন ও সুরেশ কালমাদি। এখানেও খালেদা জিয়াসহ অন্য প্রয়াতদের প্রতি সম্মান জানাতে নীরবতা পালন করা হয়। 

প্রসঙ্গত, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে পরদিন ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সূত্র: নিউজ১৮, ডয়চে ভেলে 

এমএইচআর