images

আন্তর্জাতিক

৫০ পর্যন্ত গুনতে না পারায় ৪ বছরের শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করল বাবা

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

চার বছর বয়সি মেয়ে শিশু পড়তে বসে ৫০ পর্যন্ত গুনতে না পারায় ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে বাবার বিরুদ্ধে। শুধুতাই নয় হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘটনাটিকে সিঁড়ি থেকে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রচার করার চেষ্টা করেন তিনি।   

গত বুধবার (২১ জানুয়ারি) ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য হরিয়ানার ফরিদাবাদে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত বাবা কৃষ্ণ জয়সওয়াল উত্তরপ্রদেশের বাসিন্দা। জয়সওয়াল ও তার স্ত্রী দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং ফরিদাবাদের ঝরসেনতালি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের তিন সন্তান রয়েছে— সাত বছর বয়সী এক ছেলে এবং চার ও দুই বছর বয়সী দুই মেয়ে।

পুলিশ জানিয়েছে, দিনের বেলায় কৃষ্ণ জয়সওয়ালই বাড়িতে থেকে সন্তানদের দেখাশোনা করতেন। ঘটনার দিন জয়সওয়াল তার মেয়েকে বাড়িতে পড়াচ্ছিলেন। তিনি মেয়েটিকে ৫০ পর্যন্ত গুনতে বললেন, কিন্তু সে তা করতে ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে সে তাকে এতটাই মারধর করে যে সে অজ্ঞান হয়ে পড়ে। কয়েক মিনিট পরে মেয়েটিকে দ্রুত নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে যান জিয়সওয়াল।  তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করে। 

এসময় জয়সয়াল তার স্ত্রীকে ফোন করে জানান, খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মেয়েটির মৃত্যু হয়েছে। তবে জয়সওয়ালের স্ত্রী হাসপাতালে পৌঁছানোর পর, তিনি ভুক্তভোগীর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখতে পান। সন্দেহজনক মনে হলে তিনি পুলিশে অভিযোগ করেন।

পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে অপরাধের কথা স্বীকার করেন জয়সওয়াল। তিনি জানান, তার মেয়ে স্কুলে যেত না, তিনি নিজেই তাকে পড়াতেন। ঘটনার দিন ৫০ পর্যন্ত গুনতে না পারায় ক্ষুব্ধ হয়ে তিনি মেয়েটিকে মারধর করেন। এরপরই কৃষ্ণ জয়সওয়ালকে গ্রেফতার করে পুলিশ। 

সূত্র: এনডিটিভি


এমএইচআর