images

আন্তর্জাতিক

স্ত্রী এবং ৩ আত্মীয়কে গুলি করে হত্যা ভারতীয় যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

আমেরিকার জর্জিয়ায় তিন সন্তানের সামনে স্ত্রী এবং তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয় যুবক। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিজয় কুমার।

স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঘটনাটি ঘটেছে। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় বাড়িতেই ছিল বিজয়ের তিন সন্তান। 

স্ত্রী এবং সন্তানদের নিয়ে লরেন্সভিল সিটিতে থাকতেন বিজয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক কোনও বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। 

এই ঘটনা প্রকাশ্যে আসার পর আটলান্টায় ভারতের কনসুলেট জেনারেল দুঃখপ্রকাশ করে ওই পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- বিজয়ের স্ত্রী মিমু ডোগরা (৪৩), এ ছাড়াও এই তালিকায় রয়েছেন তিন আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দ্র (৩৭) এবং হরিশ চন্দ্র (৩৮)। 

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তারা চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পান। তার পরই পর পর গুলির শব্দ। গুলির আওয়াজে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। পুলিশ এসে বিজয়কে গ্রেফতার করে। ঘরের ভিতর থেকে পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে ব্রুক আইভি কোর্টে এই ঘটনাটি ঘটে। তারা বাড়িতে ঢুকে চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। 

যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় বিজয়ের সন্তানেরা বাড়িতেই ছিল। ভয়ে এবং বাঁচার তাগিদে তারা তিন জনেই আলমারির ভিতরে লুকিয়ে পড়েছিল। তাদের মধ্যে একজন ৯১১-এ ফোন করে। সেই ফোন পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে।

-এমএমএস