আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
লোকসানে থাকা রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। আগামী ২৩ ডিসেম্বর রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফের) ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় তহবিল সংগ্রহ ও নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে সংস্কার করার জন্য র্দীঘদিন ধরে লোকসানে থাকা জাতীয় বিমান সংস্থার ৫১-১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চাইছে সরকার।
প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই দশকের মধ্যে এটি হবে দেশটির প্রথম বড় ‘বেসরকারিকরণ’। ইতোমধ্যেই এই নিলামের জন্য চারটি দরদাতাকে প্রাক-যোগ্যতা দেওয়া হয়েছে, এর মধ্যে রয়েছে— লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।
রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজের এক্স-পোস্টে করা এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী জাতীয় বিমান সংস্থার বেসরকারীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সমস্ত কর্পোরেট সত্তা এবং কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছেন।’
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘পিআইএ-এর নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর, যা সব সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।’
پاکستان انٹرنیشنل ائیر لائنز کی نجکاری میں شفافیت اور میرٹ اولین ترجیح ہے، نجکاری کیلئے بِڈنگ ملک بھر میں ٹی وی پر براہ راست نشر کی جائے گی، وزیرِ اعظم
— PTV News (@PTVNewsOfficial) December 3, 2025
وزیرِ اعظم محمد شہباز شریف سے پی آئی اے کی نجکاری میں حصہ لینے والی تمام کارباوری شخصیات اور کمپنیوں کے نمائندوں کی ملاقات
پی… pic.twitter.com/z7ixMRukCt
এতে আরও বলা হয়, জাতীয় বিমান সংস্থার 'হারানো মর্যাদা' পুনরুদ্ধার এবং আধুনিক প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রক্রিয়াটি সুচারুভাবে এগিয়ে চলেছে। আমরা পিআইএর বেসরকারীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্যতা নিশ্চিত করছি।
শেহবাজ শরিফ আরও বলেছেন, ‘আমি আশা করি, আপনাদের মধ্যে যারাই নিলামের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন, তারা তাদের সমস্ত শক্তি জাতীয় বিমান সংস্থার সুনাম পুনরুদ্ধার এবং এর উন্নয়নে নিয়োজিত করবেন।’
গত সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটিকে জানানো হয়, পিআইএ করপোরেশন লিমিটেডকে নভেম্বরের মধ্যেই বেসরকারিকরণ করা হতে পারে। প্রধানমন্ত্রী ২০ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সব ধাপ সম্পন্ন করার নির্দেশ দেন। তবে প্রক্রিয়াটি নির্ধারিত সময়ে এগোয়নি। গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারিকরণ স্থায়ী কমিটি চলমান বিডিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সুস্পষ্ট সময়সীমা চেয়েছে এবং প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, একসময় জাতীয় গর্বের উৎস হিসেবে পরিচিত পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থা পিআইএ বছরের পর বছর ধরে লোকসান গুনছে, যার পরিমাণ এখন আনুমানিক ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি। এতে এর কার্যক্রম অনিয়মিত হচ্ছে এবং এর সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
এর আগে গত বছরের নভেম্বরে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ওই সময় মাত্র একটি প্রতিষ্ঠান ছাড়া বিমান সংস্থাটি কিনতে আর কোনো পক্ষই আগ্রহ দেখায়নি। নিলামে অংশ নেওয়া দেশটির রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি ব্লু ওয়ার্ল্ড সিটির ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়, তবে সরকারের ৩০৫ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকায় সেই নিলাম বাতিল করা হয়।
সূত্র: ডন
এমএইআর