আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় আকাশপথে মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। যার ফলে দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্রটিতে সমুদ্রপথে সাহায্য পাঠাতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। ইতোমধ্যে প্রায় ২০০ ত্রাণ সামগ্রী শ্রীলঙ্কায় পাঠানোর হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টায় বাধা দিচ্ছে ভারত। মানবিক সহায়তা নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে বিশেষ উড়োজাহাজটি ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতির অপেক্ষায় রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘৪৮ ঘণ্টা পর গত রাতে ভারত যে আংশিক উড্ডয়ন অনুমতি দিয়েছে, তা কার্যত বাস্তবসম্মত নয়। মাত্র কয়েক ঘণ্টার জন্য সীমিত সময় নির্ধারণ করা হয়েছিল এবং ফিরতি ফ্লাইটের জন্য কোনও ধরনের অনুমতি দেওয়া হয়নি। এতে শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি সহায়তা মিশনটি গুরুতরভাবে বাধাগ্রস্ত হয়েছে।’
India continues to block humanitarian assistance from Pakistan to Sri Lanka. The special aircraft carrying Pakistan’s humanitarian assistance to Sri Lanka continues to face delay for over 60 hours now awaiting flight clearance from India.
— Ministry of Foreign Affairs - Pakistan (@ForeignOfficePk) December 2, 2025
The partial flight clearance issued by…
পৃথক ভাবে শ্রীলঙ্কায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিশেষ নির্দেশে একটি ‘জোরালো ত্রাণ অভিযান’ শুরু করা হয়েছিল, তবে ভারত তার চালাকির মাধ্যমে এই ত্রাণ কার্যক্রমে বাধা দিচ্ছে।
এতে বলা হয়েছে, গত শনিবার থেকে পাকিস্তান সেনাবাহিনী এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) শ্রীলঙ্কায় ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে। তবে ভারতের ছাড়পত্র অপেক্ষায় জরুরি ত্রাণ সামগী, সম্পূর্ণ সজ্জিত অনুসন্ধান ও উদ্ধারকারী দল, ফিল্ড হাসপাতাল, উচ্চ প্রশিক্ষিত স্নিফিং কুকুর এবং প্রায় ২০০ টন জীবন রক্ষাকারী সরবরাহ নিয়ে দুই দিনেরও বেশি সময় ধরে পাকিস্তানের সেনাবাহিনীর সি-১৩০ কার্গো বিমান ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে আটকা পড়ে আছে।’
বিবৃতিতে আরও দাবি করা হয়, ‘ভারত এক ধূর্ত পদক্ষেপে গতকাল সোমবার (১ নভেম্বর) ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের মাধ্যমে সন্ধ্যা ৬টায় একদিনের কূটনৈতিক ছাড়পত্র দেয়। মূলত এই ছাড়পত্র মাত্র ছয় ঘন্টার জন্য বৈধ ছিল, যা একটি বিমানের কলম্বোতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।’
প্রসঙ্গত, গত এপ্রিলে ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটনা ঘিরে মে মাসে চার দিনের সংঘাতের পর থেকে ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমা বন্ধ করে রেখেছে।
এদিকে, ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে ইতোমধ্যেই ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও ৪ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির পর সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির ১৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে।
সূত্র: ডন
এমএইচআর