আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
২০২৬ সালে বার্ষিক বাজেট ১৫ দশমিক ১ শতাংশ কমানো এবং ১৮ দশমিক ৮ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দাতা দেশগুলোর কাছ থেকে বকেয়া পাওনার পরিমাণ ১ দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলার পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বৈশ্বিক সংস্থাটি।
সোমবার (১ ডিসেম্বর) ২০২৬ সালের ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেন গুতেরেস, যা ২০২৫ সাল থেকে ৫৭৭ মিলিয়ন ডলার কম।
জাতিসংঘের একটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান দাতা দেশগুলো— যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং মেক্সিকোর বকেয়া পাওনা পরিশোধ না করায় এই সংকট দেখা দিয়েছে।
গুতেরেস বলেন, মোট বাজেট কমানোর হলেও ব্যাপক চাহিদার কারণে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনআরডব্লিউএ-এর বাজেট আগের মতোই থাকবে।
তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইউএনআরডব্লিউএ-কে বাজেট হ্রাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আফ্রিকার উন্নয়ন বিষয়ক সংস্থার বাজেটও ২০২৫ সালের সমান থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে ২ হাজার ৬৮১টি পদ বাদ দিয়ে নতুন বাজেট সমন্বয় করা হবে জানিয়ে গুতেরেস বলেন, এসব পদ এমন কার্যাবলী সম্পর্কিত, যা তাদের মতে, অন্যরা আরও ভালোভাবে করতে পারবে অথবা দক্ষতার মাধ্যমে কমানো যেতে পারে।
মহাসচিব বলেন, জাতিসংঘের ১৮ শতাংশ পদ ইতিমধ্যে শূন্য রয়েছে, যা সদস্য রাষ্ট্রদের অর্থ বকেয়ার কারণে সৃষ্ট সংকটের জন্য ঘটেছে। তবে তিনি ব্যাখ্যা করেন, এই শূন্য পদগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ফলস্বরূপ নয়, বরং শুধু এই কারণে যে মানুষ চলে গেছেন এবং তাদের পরিবর্তে নতুন কর্মী নিয়োগের জন্য অর্থ নেই বলেও জানিয়েছেন গুতেরেস।
অপরদিকে বিশেষ রাজনৈতিক মিশনের বাজেট ২০২৫ সাল থেকে ২০২৬ সালে ১৪৯ দশমিক ৫ মিলিয়ন কমিয়ে ৫৪৩ দশমিক ৬ ডলারে নিয়ে আসা হবে। যা গত বছরের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ কম। এ খাতে বাজেট কমায় কয়েকটি মিশন এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই নিউইয়র্ক থেকে তাদের উপস্থিতি কমাচ্ছে সংস্থাটি।
গুতেরেস জানিয়েছেন, ২০২৭ সালের শেষ দিক থেকে তারা দুটি অফিস ভবনের লিজ বাতিল করবেন। এতে করে ২০২৯ সাল থেকে তাদের বছরে ২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। নিউইয়র্কে বিভিন্ন অফিস বন্ধ করে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১২৬ মিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।
সূত্র: আলজাজিরা
-এমএইচআর