আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
বিশ্বের ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের মার্কিন স্থায়ী নাগরিকত্ব সনদ বা গ্রিনকার্ড পুনরায় পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর এক আফগান নাগরিকের গুলির ঘটনার পরই এই ঘোষণাটি এলো।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা— ইউএসসিআইএস-এর প্রধান জোসেফ এডলো এ তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘যেসব দেশ নিয়ে উদ্বেগ আছে, সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশির গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃপর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্পে।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এসব দেশের তালিকা জাওয়া হলে, সংস্থাটি হোয়াইট হাউসের জুন মাসের একটি ঘোষণার দিকে ইঙ্গিত করে, যেখানে ১৯ টি দেশের নাম ছিল।
গত ৪ জুনের সেই ঘোষণার শিরোনাম ছিল- ‘রেসট্রিক্টিং দ্য এন্ট্রি অফ ফরেন ন্যাশনালস্ টু প্রটেক্ট দ্য ইউনাইটেড স্টেটস্ ফ্রম ফরেন টেররিস্টস্ অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস্’— অর্থাৎ বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ।
সেখানে ১২টি দেশের নাগরিকদের প্রবেশে ওপর বিধিনিষেধ পুরোপুরি আরোপের কথা বলা হয়েছিল। দেশগুলো হলো - আফগানিস্তান, বার্মা বা মিয়ানমার, শাড, রিপাবলিক অফ দ্য কঙ্গো, ইকোয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।
বাকি সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। সেগুলো হলো - বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
সর্বশেষ বুধবার ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠার পর গ্রিন কার্ড পুনরায় যাচাই করার ঘোষণাটি আসে। গুলিবিদ্ধ দুই জনের মধ্যে একজন পরে মারা যান। এই ঘটনায় অভিযুক্ত রহমানুল্লাহ লাখানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আসেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল। সেই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসেন লাখানওয়াল।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন 'তৃতীয় বিশ্বের সব দেশ' থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার জন্য কাজ করবে, যাতে যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, তিনি ‘অ-নাগরিকদের’ জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন।
তিনি আরও বলেছেন, ‘যারা অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং যেকোনো বিদেশি নাগরিক যদি জনভার হয়ে ওঠে, নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তাদের বহিষ্কার করা হবে’।
এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলোর পোস্টে গ্রিন কার্ডের ব্যাপক পর্যালোচনার কথা বলা হলেও হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
এডলো বলেছেন, ‘আমেরিকা এবং তার জনগণের সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এবং পূর্ববর্তী প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির খেসারত আমেরিকান জনগণ দেবে না’।
গ্রিনকার্ডের এই পুনঃপর্যালোচনা কীভাবে হবে, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য সেখানে দেওয়া হয়নি।
জুন মাসের ঘোষণার ব্যাপারে বিবিসিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের পাশাপাশি ব্যবসা, ছাত্র ও পর্যটক ভিসায় এসে অতিরিক্ত সময় আমেরিকা অবস্থান করার মতো কারণেও কোনো কোনো দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওই ঘোষণায় আফগানিস্তানের ব্যাপারে বলা হয়েছে, ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট গ্রুপ (বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী) তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ করে। সেখানে পাসপোর্ট বা নাগরিক নথি ইস্যু করার জন্য দক্ষ বা সহযোগী কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং যথাযথ স্ক্রিনিং ও যাচাই ব্যবস্থা নেই। অতএব অভিবাসী ও অনভিবাসী আফগান নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বাতিল করা হলো।’
এরআগে নিজের প্রথম মেয়াদের শুরুতে সাতটি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি
এমএইচআর