images

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত’, বন্যায় নিহত বেড়ে ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

টানা ভারী বৃষ্টিপাতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ বন্যায় ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে দেশটির দক্ষিণের ১০টি প্রদেশে বন্যা আঘাত হেনেছে। এর মধ্যে মালয়েশিয়ার সীমান্তবর্তী বাণিজ্যিক কেন্দ্র হাট ইয়াই শহরে ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে— একদিনে ৩৩৫ মিলিমিটার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হাট ইয়াই শহরের যানবাহন ও ঘরবাড়ি ডুবে আছে, আর হাজার হাজার বাসিন্দারা তাদের বাড়ির ছাদে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

image

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু মাত্র ১৩ হাজার জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। কারণ বেশিরভাগ মানুষই যোগাযোগ বিচ্ছিন্ন এবং সাহায্য পেতে অক্ষম।

থাই সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি বিমানবাহী রণতরী এবং ত্রাণসামগ্রী বোঝাই ১৪টি নৌকার একটি ফ্লোটিলা বা নৌবহর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ের রান্নাঘরও পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা প্রতিদিন ৩ হাজার পরিবারকে খাবার সরবরাহ করতে সক্ষম বলে জানা গেছে।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, প্রয়োজনে বিমানবাহী রণতরীতে থাকা মেডিকেল টিমগুলো এটিকে ‘ভাসমান হাসপাতালে’ রূপান্তর করবে।

এদিকে টানা বৃষ্টিপাতে থাইল্যান্ডের প্রতিবেশী দেশগুলোও বিপর্যস্ত হয়েছে। ভিয়েতনামে বন্যায় এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। অপরদিকে মালয়েশিয়ার সাতটি রাজ্যে ভয়াবহ বন্যায় ১৯ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

এছাড়াও ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ভূমিধসে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। 

সূত্র: বিবিসি

এমএইচআর