images

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

ডিসেম্বরে মার্কিন ফেডারেল সুদের হার কমার প্রত্যাশায় বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বুধবার মূল্যবান এই ধাতুটির দাম বৃদ্ধি পেয়ে গত ১২ দিনে মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৪ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৪ হাজার ১৪০ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে। 

এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কমতে থাকে স্বর্ণের দাম। 

বিশ্লেষকরা বলছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম পুনরুদ্ধার হয়েছে। বাজার এখন যেকোনো মার্কিন অর্থনৈতিক তথ্য খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার গত সোমবার (২৪ নভেম্বর) জানান, মার্কিন চাকরির বাজার এত দুর্বল যে, ডিসেম্বরে আরও একটি কোয়ার্টার-পয়েন্ট সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। তবে এটি সরকারি অচলাবস্থার কারণে বিলম্বিত তথ্যের ওপর নির্ভর করবে।
 
এদিকে সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, বিনিয়োগকারীরা এখন ডিসেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ৮১ শতাংশ হিসেবে দেখছেন, যা গত সপ্তাহে ছিল ৪০ শতাংশ। 

এছাড়াও নভেম্বরের শুরু প্রকাশিত মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এছাড়া খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে চাকরি ছাঁটাই বেড়েছে। এছাড়াও দীর্ঘতম সরকারি শাটডাউন এর প্রভাবে ভোক্তা আস্থা প্রায় তিন-দেড় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

অন্যদিকে, স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও। বুধবার ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৫২ দশমিক ১৯ ডলারে বিক্রি হচ্ছে।  

সূত্র: রয়টার্স

এমএইচআর