images

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনায় রাশিয়া-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৈঠকে বসেছেন রাশিয়া ও মার্কিন কর্মকর্তারা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকলের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল সোমবার রাতে আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবারও আলোচনা চলবে বলে জানিয়েছেন ড্রিসকলের মুখপাত্র।

ড্রিসকলের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জেফ টলবার্ট বলেছেন, ‘সোমবার সেক্রেটারি ড্রিসকল এবং তার দল ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য রাশিয়ান প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা ভালোভাবে চলছে এবং আমরা আশাবাদী। এই আলোচনার অগ্রগতি সেক্রেটারি ড্রিসকল হোয়াইট হাউসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছেন।’

এর আগে রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না।

জেনেভায় আলোচনার পর ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাটি ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে বলে সোমবার মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। তারা এটিকে গঠনমূলক আলোচনা বলে উল্লেখ করলেও জানান, প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে জানান, আগের খসড়া থেকে ৯টি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। তবে কোনগুলো বাদ গেছে তা তারা জানাননি।

নতুন পরিবর্তনসমূহকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ইউরোপীয়ান মিত্ররা রাশিয়ার যুদ্ধের পক্ষে থাকা অংশগুলোকে প্রত্যাখ্যান করার পরে শান্তি পরিকল্পনার একটি সংশোধিত সংস্করন করা হয়েছে।

টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘এখন যুদ্ধ শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা সম্ভব হতে পারে...। অনেক সঠিক উপাদান এখন এ কাঠামোতে অন্তর্ভূক্ত করা হয়েছে।’

এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই সোমবার রাতে রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে ‘ব্যাপক ও সম্মিলিত শত্রু হামলার’ বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় তাদের অন্তত তিনজন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স, বিবিসি 

এমএইচআর