images

আন্তর্জাতিক

চীনে ভাইরাল ‘তেলাপোকা কফি’

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

সাপ, কুমির, কুকুরসহ বিভিন্ন অপ্রচলিত প্রাণী ও পোকামাকড় খাওয়ার প্রচলন রয়েছে চীনের কিছু অঞ্চলে। এবার দেশটির রাজধানী বেইজিংয়ের একটি জাদুঘর একটি নতুন স্বাদের কফি বিক্রি শুরু করেছে, যা অবশ্যই দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। যেখানে সাধারণত কফির কাপে কোনো পোকামাকড় দেখতে পেলে আমরা সেই কফি ফেলে দেই, সেখানে তারা কফিতে তেলাপোকার গুড়াসহ অন্যান্য পোকামাকড় মিশিয়ে পরিবেশন করছে। ইতোমধ্যেই পানীয়টি তার অদ্ভুত উপাদানের জন্য অনলাইনে ব্যাপক ভাইরাল হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য কভার এক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিংয়ের একটি পোকামাকড়-থিমযুক্ত জাদুঘরের ভেতরে একটি কফি শপে প্রতি কাপ ৪৫ ইউয়ানে (৭৭৫ টাকা) ‘রোচ কফি’ নামে তেলাপোকা ভর্তি এই পানীয় বিক্রি করা হচ্ছে। তবে প্রতিবেদনে জাদুঘরের নাম প্রকাশ করা হয়নি। 

ওই জাদুঘরের একজন কর্মচারী জানিয়েছেন, গত জুনের শেষের দিকে এই কফি চালু করা হয়েছিল, কিন্তু সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়ার পর এটি ব্যাপকভাবে মনোযোগ আকর্ষণ করেছে।

তিনি বলেন, ‘পোকামাকড়-থিমযুক্ত জাদুঘর হিসেবে, এমন একটি পানীয় থাকা উচিত ধারণা থেকেই এই কফির যাত্রা শুরু হয়। মূলত কৌতূহলী তরুণরা এই কফির প্রতি আকর্ষিত হচ্ছেন, যদিও বড়রা এবং শিশুরা এটি এড়িয়ে চলছেন।’

এই অদ্ভুত কফি পানকারীরা দ্য কভারকে বলছেন, তেলাপোকা ভর্তি এই কফির স্বাদ ‘পোড়া এবং কিছুটা টক’।

1

ওই কর্মচারী আরও জানান, তেলাপোকা কফি পরীক্ষামূলক পানীয়ের একটি বৃহত্তর সিরিজের অংশ। জাদুঘরটি পিচ গাছের রস ব্যবহার করে তৈরি একটি আরও পানীয়ও চালু করেছে এবং এমনকি হ্যালোইনের সময় পিঁপড়া মিশ্রিত একটি সীমিত সংস্করণের পানীয়ও বিক্রি করেছে। যদিও পিঁপড়ার তৈরি এই পানীয়ের স্বাদ টক, তবে পিচ গাছের রসের তৈরি পানীয় স্বাদ নিয়মিত কফির মতো।

বেইজিং-ভিত্তিক ব্লগার চেন শি, তার ভক্তদের অনুরোধে চূর্ণ করা পোকামাকড়ের কফি চেষ্টা করেছিলেন। 

তার ভিডিওতে দেখা যায়, তিনি চোখ বন্ধ করে দ্রুত গিলে ফেলেন। তবে খাওয়ার পর চেন শি বলেন, ‘এটা ততটা জঘন্য নয় যতটা আমি ভেবেছিলাম।’

অন্যদিকে অনেক ইন্টারনেট ব্যবহারকারী এই কফি নিয়ে সমালোচনা করেছেন। দ্য কভারকে একজন বলেন, ‘আপনি আমাকে অনেক টাকা দিলেও আমি এটি পান করার সাহস পাচ্ছি না।’ 

প্রসঙ্গত, চীনে অপ্রচলিত কফি অস্বাভাবিক নয় এবং প্রায়শই শিরোনামে আসে। চলতি বছরের শুরুর দিকে, দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের একটি ক্যাফে ভাজা পোকা মেশানো কফি বিক্রি শুরু করে, যা সবার নজর কেড়েছিল। এ ছাড়াও, পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কফি শপ তাদের ল্যাটেতে ভাজা মরিচ এবং গোল মরিচের গুঁড়া দেয়।


সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


এমএইচআর