আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
ইকুয়েডরে বিদেশি সামরিক ঘাঁটি ফিরিয়ে আনার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট এগিয়ে আছে। এক–তৃতীয়াংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, ৬০ শতাংশ ভোটার প্রস্তাবটির বিপক্ষে মত দিয়েছেন।
একই সঙ্গে সংবিধান পুনর্লিখনের জন্য নতুন একটি অ্যাসেম্বলি গঠনের প্রস্তাবও জনসমর্থন পাচ্ছে না। এ পর্যন্ত গণনা হওয়া ৩৬ শতাংশ ভোটের মধ্যে ৬১ শতাংশ ভোটার প্রস্তাবটির বিপক্ষে মত দিয়েছেন।
২০০৮ সালে ইকুয়েডরে বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করা হয়। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মান্টা বিমানঘাঁটি ব্যবহার করতে পারত। একসময় এটি ছিল যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ ঘাঁটি।
উভয় প্রস্তাবে পরাজয় হলে তা প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার জন্য বড় ধাক্কা হবে। তিনি প্রস্তাব দুটির পক্ষেই ছিলেন। তার দাবি, সংগঠিত অপরাধ দমনে বিদেশি সহযোগিতা প্রয়োজনে যৌথ কিংবা বিদেশি সামরিক ঘাঁটিও দেশের জন্য জরুরি।
ড্যানিয়েল নোবোয়ার আরও বলেন, সাবেক বামপন্থি প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার আমলে প্রণীত বর্তমান সংবিধান দেশের নতুন বাস্তবতা প্রতিফলিত করতে আর সক্ষম নয়। তাই এটিকে সংশোধন করা প্রয়োজন।
এমআর