Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ‘ব্রহ্মোস’ মিসাইলের রেঞ্জে

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম

পাকিস্তানি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি ভারতের অত্যাধুনিক ‘ব্রহ্মোস’ মিসাইলের রেঞ্জের মধ্যে আছে— এমনই ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শনিবার (১৮ অক্টোবর) উত্তরপ্রদেশের লখনউয়ের ব্রহ্মোস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি ব্রহ্মোস মিসাইলের প্রথম ব্যাচ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। 

রাজনাথ সিং বলেন, ‘আমাদের প্রতিপক্ষরা আর কোনওভাবেই ব্রহ্মোসের গ্রাস থেকে পালাতে পারবে না। পাকিস্তানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন আমাদের ব্রহ্মোসের নাগালের মধ্যে আছে।’

ব্রহ্মোসকে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করে তিরি আরও বলেন, ‘ব্রহ্মোস কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ভারতের কৌশলগত আত্মবিশ্বাসের প্রমাণ। সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী এবং বিমানবাহিনী, এটি আমাদের প্রতিরক্ষা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। 

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘অপারেশন সিঁদুরে’ দেশটির অভ্যন্তরে হামলার কথা উল্লেখ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুরে যা হয়েছে, সেটা কেবল ট্রেলার ছিল। আর সেই ট্রেলারই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তাহলে (আমাদের দেশ) আরও কী করতে পারে, সেটা আমায় আর বলে দিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘অপারেশন সিন্দুর প্রমাণ করেছে, পাকিস্তানের বিরুদ্ধে জয় আমাদের জন্য শুধু একটি ছোট ঘটনা নয় বরং এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। এটি ভারতীয়দের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে এবং বিশ্বের কাছে ব্রহ্মোসের কার্যকারিতা প্রমাণ করেছে।’

উল্লেখ্য, ভারতের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) এনং রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা— ‘এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়া’ যৌথভাবে এই ব্রহ্মোস মিসাইল তৈরি করেছে। ব্রহ্মোস, যা PJ-10 নামেও পরিচিত- একটি দূরপাল্লার র‍্যামজেট-চালিত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সাবমেরিন, জাহাজ, যুদ্ধবিমান বা ভূমি থেকে লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা যেতে পারে। এটি ম্যাক ৩.৫ গতি এবং সর্বোচ্চ ৬৫০ কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। 

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে হামলায় ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছে ভারত। তবে কীভাবে ব্রহ্মোস ব্যবহার করা হয়েছিল, তা জানানো হয়নি। 

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস


এমএইচআর