আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় একটি দুর্গম পাহাড়ি রাস্তা থেকে বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক উল্টে গিরিখাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য ডন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উদ্ধার দলের মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ জন নিহত হন এবং আরও আটজন আহত হন।
তিনি জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা। তারা পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রেসকিউ টিম ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: হজ নিয়ে নতুন নির্দেশনা সৌদি সরকারের
শাফিকা গুল আরও বলেন, দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের পাহাড়ি রাস্তা ও মহাসড়কগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে। বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, দুর্বল সড়ক অবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতার কারণে এসব দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
গত মাসেও খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানে ব্রেকফেল হয়ে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হলে অন্তত ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।
-এমএমএস