Dhaka Mail Logo

আন্তর্জাতিক

অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক ফ্লোটিলার অভিযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনশন শুরু করেছেন। 

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চারটি সামাজিক সংস্থার জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি। বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা।’  

 

flotila
গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার আরও ১১ জাহাজ

এফএফসির বিবৃতিতে বলা হয়, বুধবার যেদিন অভিযাত্রীদের আটক করা শুরু হয়, সেদিনই অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। 

সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন সেই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী। 

GAZA2
ফ্লোটিলার সবশেষ জাহাজটিও আটক করল ইসরায়েল

গাজার জলসীমায় কাছাকাছি যাওয়ার পরপরই একটি ছাড়া সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

গত বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটকায় ইসরায়েলের নৌবাহিনী; কিন্তু তারপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছিল। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে ইসরায়েলের নৌ সেনারা। সর্বশেষ নৌযানটিকে আটক করা হয়েছে আজ শুক্রবার সকালে। সূত্র: আনাদোলু এজেন্সি

ক.ম/