Dhaka Mail Logo

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ এএম

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর আলজাজিরার।

প্রস্তাব বাস্তবায়নের জন্য এখন হামাসের অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যদি হামাস এতে সম্মত হয় তবে ৭২ ঘণ্টার মধ্যে সব জীবিত ও মৃত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে গাজার নিয়ন্ত্রণে দরকার অনুযায়ী পরিবর্তন আনা হবে— প্রস্তাবে বলা হয়েছে, গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের উদ্যোগ নেওয়া হবে; যা আমেরিকা, ইউরোপ ও কয়েকটি আরব দেশ নিয়ে গঠন করা হবে, যার মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প।

প্রস্তাবে আরও উল্লেখ আছে, গাজার মানুষ গাজাতেই থাকবেন। তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে। আর এই কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এ ছাড়া সুড়ঙ্গসহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে।

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, আরব দেশগুলো যদি হামাস ও গাজাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল এই কাজ করবে। যেটিতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে।

হামাসকে হুমকি দিয়ে তিনি বলেন, তারা যদি আজকের প্রস্তাব গ্রহণ না করে এবং গ্রহণ করেও যদি আবার এ থেকে সরে যায় অর্থাৎ নিজেদের পুনর্গঠনের চেষ্টা করে তাহলে ইসরায়েল তাদের নির্মূলের কাজ শেষ করবে।

ট্রাম্প বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করবে। এটি সহজ উপায়ে করা যাবে। আবার কঠিন উপায়ে করা যাবে। তবে এটি করতে হবে। আমরা সহজ উপায়কে প্রাধান্য দেব।

এফএ