আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রে ফার্নিচার তৈরি না করে তাদের পণ্যেও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের ‘চলচ্চিত্র তৈরির ব্যবসা’ চুরি করেছে অন্য দেশগুলো। ঠিক যেন ‘শিশুর থেকে চকলেট চুরির মতো’।”
তিনি বলেন, ‘ক্যালিফোর্নিয়া, তার দুর্বল এবং অযোগ্য গভর্নরের কারণে বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে! অতএব, এই দীর্ঘস্থায়ী এবং কখনও শেষ না হওয়া সমস্যার সমাধানের জন্য, আমি যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত যেকোনো এবং সমস্ত চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব।’

রএরপর কিছুক্ষণ পরই পৃথক পোস্টে ট্রাম্প বলেন, ‘চীন এবং অন্যান্য দেশের কাছে আসবাবপত্র ব্যবসা সম্পূর্ণরূপে হারিয়ে যাওয়া উত্তর ক্যারোলিনাকে আবারও দুর্দান্ত করে তোলার জন্য, আমি ওইসব দেশের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ করব, যারা যুক্তরাষ্ট্রে তাদের আসবাবপত্র তৈরি করে না।’
প্রসঙ্গত, গত মে মাসে ট্রাম্প চলচ্চিত্র শিল্পের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে ওই সময় তিনি বিস্তারিত কিছু জানাননি। এতে এ খাত সংশ্লিষ্ট মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং জনপ্রিয় ভিডিও স্টিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে যথাক্রমে ১ দশমিক ৪ এবং ০ দশমিক ৬ শতাংশ পতন ঘটে।
অন্যদিকে গত বৃহস্পতিবারই আমদানি করা রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটসহ কিছু আসবাবপত্রে ৫০ শতাংশ শুল্ক এবং অন্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এখন ধারণা করা হচ্ছে এসব পণ্যের ওপর শুল্ক আরও বাড়াবেন তিনি।
সূত্র: এনডিটিভি
এমএইচআর