images

আন্তর্জাতিক

বিজয়কে ছুঁয়ে দেখার চেষ্টাই কাল হলো ৩৬ জনের জীবনে!

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপতির জনসভায় পদপিষ্টের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। তার মধ্যে ১৬ জন মহিলা এবং আটটি শিশুও রয়েছে। অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। 

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। 

কিন্তু কী ভাবে ঘটল এই ঘটনা? রাজনৈতিক সমাবেশে পছন্দের অভিনেতাকে দেখতে মাত্রাছাড়া ভিড়ই কি একমাত্র কারণ? নাকি ত্রুটি ছিল ব্যবস্থাপনাতেও? শনিবার রাতের এই ঘটনার পর থেকে জল্পনা থামছে না।

শনিবার তামিলনাড়ুর করুরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা বিজয়ের ডাকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সভার মূল বক্তা ছিলেন বিজয়। 

বিভিন্ন সূত্রের খবর, প্রাথমিক ভাবে ৩০ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা তথা রাজনীতিককে দেখতে জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ। আট থেকে আশি বছরের অনুরাগী মিলিয়ে ৬০ হাজারের বেশি মানুষ ওই সভায় উপস্থিত ছিলেন। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। কিন্তু অভিযোগ, প্রায় ছ’ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছোন বিজয়। ততক্ষণে ভিড় মাত্রা ছাড়িয়েছে। অনেকে গরমে অসুস্থও হয়ে পড়তে শুরু করেছেন।

স্থানীয় সময়য় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে পদপিষ্টের ঘটনাটি ঘটে। তার কিছুক্ষণ আগেই বক্তৃতা করতে উঠেছিলেন বিজয়। সে সময় ডিএমকের সাবেক মন্ত্রী সেন্থিল বালাজীকে নিয়ে একাধিক বাক্যবাণও ছুড়ছিলেন তিনি। তখনই আচমকা উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। 

প্রিয় অভিনেতাকে ছুঁয়ে দেখার চেষ্টা এবং সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেকে। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাদের উপর দিয়েই এগোতে থাকেন বাকিরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞানও হারান কেউ কেউ।

পরিস্থিতি আঁচ করতে পেরে মাঝপথে বক্তৃতা থামিয়ে দেন বিজয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেকের মৃত্যু হয়েছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, পদপিষ্টের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কারুরের পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। স্ট্যালিনের সঙ্গে কথা হয়েছে শাহের। পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের তরফে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

-এমএমএস