Dhaka Mail Logo

আন্তর্জাতিক

গর্ভাবস্থায় প্যারাসিটামল না খাওয়ার পরামর্শ ট্রাম্পের, সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

উদ্ভট মন্তব্যের জেরে প্রায়ই খবরের শিরোনামে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, নারীরা গর্ভাবস্থায় ব্যাথানাশক ওষুধ টাইলেনল বা প্যারাসিটামল খেলে হবু সন্তানের অটিজমের ঝুঁকি থাকে। তবে এটি চিকিৎসা নির্দেশিকার সঙ্গে সাংঘর্ষিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, যা নিয়ে মার্কিন প্রেসিডেন্টর কড়া সমালোচনা করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।

শুক্রবার হোয়াইট হাউসে এক সাংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অটিজম সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে...। আমার ধারণা, আমরা হয়তো এর একটি কারণ খুঁজে পেয়েছি। গর্ভাবস্থায় টাইলেনল খাবেন না। খাবেন না। যেভাবেই হোক খাওয়া থেকে বিরত থাকুন।’ 

তিনি আরও বলেন, ‘কখনও কখনও হয়তো এই ওষুধ খেতে হতে পারে। তখন সেটা নিয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।’ একই সঙ্গে ট্রাম্প শিশুদের ভ্যাকসিন দেওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে, হাম, মামস ও রুবেলার মতো টিকা একসঙ্গে না দিয়ে আলাদা আলাদা দেওয়া উচিত।

ট্রাম্পর এই মন্তব্যের পরই যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) ঘোষণা করেছে, প্যারাসিটামল জাতীয় ওষুধের প্যাকেজে এমন এক লেবেল যুক্ত করা হবে, যেখানে উল্লেখ থাকবে যে এই ওষুধ শিশুদের অটিজম ও অতি-চঞ্চলতা বা মনোযোগহীনতার (এডিএইচডি) ঝুঁকি বাড়াতে পারে।

এফডিএর নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কিছু গবেষণায় প্যারাসিটামল ব্যবহার ও অটিজমের মধ্যে ‘সম্পর্ক’ পাওয়া গেছে, বিশেষ করে যখন গর্ভাবস্থায় দীর্ঘ সময় ধরে এটি খাওয়া করা হয়। তবে এফডিএ স্পষ্ট করেছে যে, কারণ-সম্পর্ক এখনও নিশ্চিত নয় এবং বৈজ্ঞানিক সাহিত্যে এর বিপরীত ফলাফলও রয়েছে। 

টাইলেনল (প্যারাসিটামল) কী?

টাইলেনল হলো একটি ওভার-দ্য-কাউন্টার (প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় এমন) ব্যথানাশক ওষুধ। এর মূল উপাদান যুক্তরাষ্ট্রে অ্যাসিটামিনোফেন নামে পরিচিত, আর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য জায়গায় একে প্যারাসিটামল বলা হয়।

এটি বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রি হয় এবং শিশু ও নবজাতকদের জন্য বিশেষ সংস্করণও পাওয়া যায়। জ্বর ও ব্যথা কমানোর জন্য টাইলেনল এখন বিশ্বজুড়ে ঘরোয়া ওষুধের মধ্যে অন্যতম।

কার্যকারিতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ব্যথা ও হালকা থেকে মাঝারি মাত্রার জ্বরের চিকিৎসায় প্রথম পছন্দ হিসেবে প্যারাসিটামল ব্যবহারের পরামর্শ দেয়। যদি এটি কাজ না করে, তাহলে রোগীকে ধাপে ধাপে ব্যথা নিয়ন্ত্রণের জন্য অন্য ওষুধে যেতে হয়— আগে হালকা ওপিওয়েড, পরে শক্তিশালী ওপিওয়েড, এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসা। প্যারাসিটামলের কার্যকারিতা নির্ভর করে কোন ধরনের ব্যথার জন্য এটি ব্যবহার করা হচ্ছে তার ওপর।

যুক্তরাজ্যভিত্তিক কোক্রেন ইনস্টিটিউট প্রকাশিত গবেষণা বিশ্লেষণ করে, জানায়— এটি তীব্র মাইগ্রেন, প্রসব-পরবর্তী ব্যথা এবং অস্ত্রোপচারের পর ব্যথা কমাতে কার্যকর। তবে হাঁটুর আর্থ্রাইটিসের মতো রোগে এর সুফলকে "সীমিত" বা মাঝারি ধরা হয়। এছাড়াও কোমরের ব্যথা বা ক্যানসারের সঙ্গে যুক্ত শারীরিক অস্বস্তির ক্ষেত্রে, কোক্রেন ইনস্টিটিউটের মতে, এটি প্লাসিবোর (যেমন চিনি খাওয়ার ট্যাবলেটের মতো কার্যকারিতা-বিহীন চিকিৎসা) চেয়ে বেশি কার্যকর নয়।

গর্ভাবস্থায় নিরাপত্তা

বিশ্বজুড়ে প্রায় অর্ধেক গর্ভবতী মহিলা ব্যথা কমানো বা জ্বর কমাতে প্যারাসিটামল খান। অথচ জ্বর গর্ভবতী মহিলা ও ভ্রূণ উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। বড় চিকিৎসা সংগঠনগুলো বলছে, টাইলেনল (প্যারাসিটামল) গর্ভবতী নারীদের জন্য নিরাপদ। 

আমেরিকান কলেজ অব অবসটেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজি জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে চিকিৎসকেরা টাইলেনলকে গর্ভবতী নারীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যথানাশকের মধ্যে একটি হিসেবে চিহ্নিত করেছেন।

তারা আরও বলেছে, ‘আগে করা গবেষণাগুলোতে কোনো পরিষ্কার প্রমাণ মেলেনি যে গর্ভাবস্থার যেকোনো সময় সীমিত পরিমাণে অ্যাসিটামিনোফেন ব্যবহার করলে শিশুর বিকাশে সমস্যা হয়।’

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)- এর নির্দেশিকায় বলা হয়েছে, গর্ভবতী নারীদের জন্য প্যারাসিটামল হলো প্রথম পছন্দের ব্যথানাশক। তাদের ভাষায়, ‘গর্ভাবস্থায় এটি সাধারণভাবে খাওয়া হয় এবং আপনার শিশুর কোনো ক্ষতি করে না।’

যুক্তরাষ্ট্রে টাইলেনলের উৎপাদক প্রতিষ্ঠান কেনভিউ দাবি করেছে, গর্ভবতী নারীদের জন্য টাইলেনল সবচেয়ে নিরাপদ ব্যথানাশক। তবে প্রতিষ্ঠানটি এবং মার্কিন চিকিৎসকেরা, উভয়েই পরামর্শ দিচ্ছেন— গর্ভবতী নারীরা যেন প্রেসক্রিপশন বা চিকিৎসাপত্র ছাড়াই এসব ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গর্ভবতী নারীদের কেবল উচ্চমাত্রার জ্বরের সময়েই এই ওষুধ খেতে পরামর্শ দেবে। কারণ অনেক বেশি জ্বর মা এবং গর্ভের শিশুর উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিকিৎসক সংগঠন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস এবং আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস দীর্ঘকাল ধরে প্যারাসিটামলকে গর্ভাবস্থায় মহিলাদের জন্য নিরাপদ ওষুধ হিসেবে সুপারিশ করে আসছে। যদিও কিছু গবেষণায় প্যারাসিটামল ও অটিজম-সহ স্নায়বিক সমস্যার মধ্যে সম্পর্ক পাওয়া গেছে, বিশেষজ্ঞরা বলছেন, বড় আকারের গবেষণাগুলোতে এ ধরনের কোন সম্পর্ক প্রমাণিত হয়নি।

আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টসের প্রেসিডেন্ট স্টিভেন জে. ফ্লেইশম্যান ট্রাম্পের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন। 

তিনি বলেন, ‘গর্ভাবস্থায় ওষুধ খাওয়ার সময় সম্ভাব্য ঝুঁকি ও সুবিধা দুটোই বিবেচনা করতে হয়। অসংখ্য গবেষণার ফলাফল বলছে, গর্ভবতী মহিলাদের সুস্থতায় অ্যাসিটামিনোফেন গুরুত্বপূর্ণ ও নিরাপদ ভূমিকা রাখে।’


সূত্র: বিবিসি, আলজাজিরা


এমএইচআর