আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মামলা করার হুমকি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প।
চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন জেফ্রি এপস্টেইনের মতো যৌন অপরাধীর সঙ্গে ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্কের কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, ট্রাম্প ও মেলানিয়ার সাক্ষাৎ হয়েছিল এপস্টেইনের মাধ্যমে। এ থেকেই বোঝা যায়, এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কত গভীর ও বিস্তৃত ছিল।
হান্টার বাইডেনের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে মেলেনিয়া। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে ‘১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ’ আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হান্টার বাইডেনের আইনজীবীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন মার্কিন ফার্স্টলেডির আইনজীবীরা।
মেলানিয়ার অভিযোগ করেছেন—অন্যের নাম ব্যবহার করে আলোচনায় থাকার চেষ্টা হান্টার বাইডেনের বহু পুরোনো অভ্যাস।
তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পের সমালোচনামূলক এক জীবনীগ্রন্থের ওপর ভিত্তি করে এ মন্তব্য করেছেন হান্টার বাইডেন। মাইকেল ওলফ নামের এক সাংবাদিক বইটি লিখেছিলেন। সেখানেও এমন দাবি করা হয়েছে যে ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় হয় জেফ্রি এপস্টেইনের মাধ্যমে।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম দ্য ডেইলি বিস্ট মেলানিয়ার পরিচিতি প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়, ট্রাম্পের সঙ্গে যখন পরিচয় হয়, তখন মেলানিয়া ট্রাম্প এপস্টেইনের এক সহযোগীর পরিচিত ছিলেন। তবে মেলানিয়ার আইনজীবীর আপত্তির পর সংস্থাটি প্রতিবেদন প্রত্যাহার করে এবং ক্ষমা চায়। কারণ, এপস্টেইন যে সরাসরি তাদের পরিচয় করিয়ে দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প এপস্টেইনের বন্ধু ছিলেন, তবে ২০০০ সালের গোড়ার দিকে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প ও মেলেনিয়ার বিয়ে হয়।
সূত্র: বিবিসি
এমএইচআর