Dhaka Mail Logo

অটোমোবাইল

টয়োটা ইনোভা হাইক্রস ফেসলিফ্ট: হাইলাক্সের আদলে আসছে বড় আপডেট

অটোমোবাইল ডেস্ক

১১ মে ২০২৫, ১১:৪১ এএম

জনপ্রিয় বহুমুখী ব্যবহারের গাড়ি বা এমপিভি টয়োটা ইনোভা হাইক্রসে বড় ধরনের আপডেট আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান। গত কয়েক মাসে একাধিকবার গাড়িটির টেস্ট মিউল ক্যামেরাবন্দি হওয়ায় স্পষ্ট হয়ে গেছে যে, জনপ্রিয় এই মডেলটির প্রথম বড়সড় ফেসলিফটের প্রস্তুতি চলছে এবং নতুন গাড়িটি ২০২৭ সালে আত্মপ্রকাশ করতে পারে।

টয়োটা আনুষ্ঠানিকভাবে এখনও নতুন মডেলের বিষয়ে কিছু না জানালেও, পরীক্ষার সময় গাড়িটির ভারী ক্যামোফ্লাজ দেখে ধারণা করা হচ্ছে এর সামনে ও পেছনের ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশেষ করে নতুন টয়োটা হাইলাক্সের ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়ে গাড়িটির সামনের অংশে সবচেয়ে বড় পরিবর্তন আনা হতে পারে।

প্রোটোপাইপগুলোর ডিজাইন বিশ্লেষণ করে দেখা যায়, নতুন ইনোভা হাইক্রসে আরও সোজা, উঁচু এবং আগ্রাসী ফ্রন্ট ফ্যাসিয়া রাখা হয়েছে। এর মধ্যে বড় ও চৌকো আকৃতির গ্রিল, নতুন ডিজাইনের বাম্পার, ডায়মন্ড-শেপড এয়ার ইনলেট এবং প্রজেক্টর ইউনিটসহ সরু হেডল্যাম্প যুক্ত করা হতে পারে, যা গাড়িটিকে ব্র্যান্ডটির আধুনিক আন্তর্জাতিক ডিজাইনের সঙ্গে আরও বেশি মানানসই করে তুলবে।

সাইড প্রোফাইলের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমান মডেলের মূল সিলুয়েট, দৈর্ঘ্য, প্রস্থ এবং হুইলবেস নতুন সংস্করণেও বজায় রাখা হতে পারে। তবে পেছনের অংশে নতুন বাম্পার ডিজাইন এবং টেল-ল্যাম্পের ভেতরের বিন্যাসে সামান্য পরিবর্তন এনে গাড়িটিকে আরও আধুনিক ও আকর্ষণীয় রূপ দেওয়ার চেষ্টা করবে টয়োটা।

কেবিনের ভেতর বড় কোনো পরিবর্তন আসার স্পষ্ট প্রমাণ এখনও স্পাই ছবিতে পাওয়া যায়নি। বর্তমান মডেলের ড্যাশবোর্ড লেআউট, উঁচু সেন্টার কনসোল এবং অটোমেটিক গিয়ার সিলেক্টর অপরিবর্তিত থাকতে পারে। তবে ক্রেতাদের মন জয় করতে ইনফোটেইনমেন্ট সিস্টেমে বড় ডিসপ্লে, নতুন সফটওয়্যার ইন্টারফেস কিংবা উন্নত আপহোলস্ট্রি ও অতিরিক্ত কিছু ফিচারের সংযোজন ঘটাতে পারে প্রতিষ্ঠানটি।

মেকানিক্যাল দিক থেকে এই ফেসলিফটে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গাড়িটিতে বর্তমানের পরিচিত ২.০-লিটার পেট্রোল এবং ২.০-লিটার স্ট্রং-হাইব্রিড পাওয়ারট্রেনই বহাল রাখা হতে পারে, যা হাইব্রিড সংস্করণে ই-সিভিটি গিয়ারবক্সের সঙ্গে প্রায় ১৮৪ হর্সপাওয়ার শক্তি প্রদান করে। অর্থাৎ নতুন মডেলে যান্ত্রিক পরিবর্তনের চেয়ে ডিজাইন ও প্রযুক্তির ওপরই বেশি জোর দিচ্ছে টয়োটা।

বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা মাথায় রেখেই টয়োটা এই আপডেট আনছে। সাম্প্রতিক সময়ে জেএসডব্লিউ এমজি মোটর এবং কিয়ার মতো প্রতিদ্বন্দ্বীরা বাজারে নতুন প্লাগ-ইন হাইব্রিড ও হাইব্রিড মডেল নিয়ে আসায় এমপিভি সেগমেন্টে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। ফলে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ইনোভা হাইক্রসের বাজার অবস্থান আরও শক্ত করতে এই ফেসলিফটের পরিকল্পনা নিয়েছে টয়োটা।

এজেড