Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ‘স্বীকার’ করেছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে ২০২৫, ১২:৫৬ এএম

ভারতের শক্তিশালী একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তান। এ দাবির কয়েক ঘণ্টা অতিবাহিত হলে রহস্যজনকভাবে এ ব্যাপারে নীরবতা পালন করছে ভারত। দেশটি এখন পর্যন্ত কিছু না বললেও রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা স্বীকার করেছে ফ্রান্স।

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

একজন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর পরিচালিত একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। এটি প্রথমবারের মতো একটি অত্যাধুনিক ফ্রান্স নির্মিত রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা।

এর আগে, পাকিস্তান দাবি করেছে যে, ভারতের হামলার পাল্টা জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। তবে ভারতীয় কর্মকর্তারা এখনো এই দাবির জবাব দেননি।

গত রাতে পাকিস্তান একটির বেশি রাফাল জেট ভূপাতিত করেছে কি না তা ফরাসি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে যে বলে সিএনএনকে জানান ওই ফরাসি কর্মকর্তা।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত একটি বিমানের অংশের ছবি তোলা হয়েছে, যেখানে একটি ফরাসি নির্মাতার লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল সেই টুকরো দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় এটি রাফাল বিমানের অংশ কি না।

এ বিষয়ে রাফাল নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান দাসোঁ অ্যাভিয়েশন সিএনএনের মন্তব্য চাওয়ার অনুরোধে এখনো সাড়া দেয়নি।

উল্লেখ্য, রাফাল দুই ইঞ্জিনবিশিষ্ট ১০ টনের একটি মাল্টিরোল ফাইটার জেট। এটি মাটিতে আক্রমণের জন্য ৩০ মিমি কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার-নির্দেশিত বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত।

ভারতের বিমান বাহিনীতে ফরাসি নির্মাতা দাসোঁ অ্যাভিয়েশন থেকে কেনা ৩৬টি রাফাল জেট ছিল। তবে ফরাসি সেনাবাহিনী এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এমএইচটি