Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, নিহত ১২

ঢাকা মেইল ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ০১:৫৬ পিএম

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে পাহাড়ি রাস্তা থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। 

আহত হয়েছেন আরো চারজন। রাস্তা থেকে প্রায় ৪০০ ফুট নিচে গাড়ি পড়ে যাওয়ার পর গাড়িটিতে আগুন ধরে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এদিকে গাড়ি থেকে সেই আগুন আশপাশের বনেও ছড়িয়ে পড়ে। পরে সেই আগুন নেভানোর জন্য হেলিকপ্টার পাঠানো হলেও তা নিয়ন্ত্রণের আগেই ২ হেক্টর জমি পুড়ে গেছে বলে জানা গেছে।

বার্তাসংস্থাটি বলছে, রোববার উত্তর মেক্সিকোতে একটি ভ্যান খাদে পড়ে আগুন ধরে যাওয়ার পর ১২ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর প্রদেশ নুয়েভো লিওনে। দুর্ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এই প্রদেশের রাজধানী মন্টেরে থেকে অল্প দূরে।

সান্তিয়াগো পৌরসভার মেয়র ডেভিড দে লা পেনা এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনাটি গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে মনে হচ্ছে।

এর আগে এই মাসের শুরুতে দক্ষিণ মেক্সিকোতে একটি বাস উল্টে যাওয়ার ফলে ১১ জন মারা যায়। গত মাসে, দক্ষিণ মেক্সিকোতেও একটি বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ৪১ জন মারা যায়।

-এমএমএস