images

আন্তর্জাতিক

আসামে বন্যার তোড়ে উল্টে গেল ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে ২০২২, ০২:৩৩ পিএম

প্রাক মৌসুমি বৃষ্টির ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। ভারী বর্ষণের লে সৃষ্ট পাহাড়ি ঢলে স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলের কয়েকটি বগি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে রাজ্যটির দিমা হাসাও জেলার হাফলং রেলওয়ে স্টেশনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তিন মিনিটের ভিডিওতে দেখা যায়, চোখের পলকেই বন্যার পানিতে পুরো হাফলং স্টেশন প্লাবিত হয়। কাঁদা পানির ঢলে স্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি ট্রেনের বগিকে সহসাই উপড়ে ফেলে।

বগি উল্টে যাওয়ার পর স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের উদ্ধারে তৎপরতা শুরু করে ভারতের নর্থইস্ট ফ্রন্টেয়ার রেলওয়ে। উদ্ধার অভিযানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নর্থইস্ট ফ্রন্টেয়ার রেলওয়ের পোস্টে জানা যায়, ত্বরিত পদক্ষেপের কারণে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারকাজে বিমানবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হয়। বন্যার কারণে আসামের ২০ জেলার রেলযোগাযোগ ব্যাহত হয়েছে।

গত তিন দিনে মুষলধারে বৃষ্টিপাত আসামের বেশিরভাগ অংশে আঘাত হেনেছে। ফলে রাজ্য দিয়ে বয়ে চলা বিশ্বের অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্রের পানি উপচে বন্যার সৃষ্টি করে। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় আসামের ১ হাজার ৫০০’র বেশি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রদেশটির বাজালি, বাকসা, কাছাড়, চরাইদেও, দারাং, ধেমাজি, দিব্রুগড়, দিমা হাসাও, কামরূপ, কার্বি আলং, নওগাঁও, শোনিতপুর, মাজুলি ও হোজাইসহ ২০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আসামের ৬৫২টি গ্রামের অন্তত দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিএম