ঢাকা মেইল ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পিএম
যুক্তরাজ্যে অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর ফ্লাইট আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ডাউনিং স্ট্রিটে আজ সোমবার (২২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিতর্কিত রুয়ান্ডা বিল প্রসঙ্গে ঋষি সুনাক বলেন, আর কোনো যদি, কিন্তু নেই। ফ্লাইটগুলো রুয়ান্ডায় যাচ্ছে। আমরা প্রস্তুত, ফ্লাইটগুলো পাঠানোর পরিকল্পনা রয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় করে ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসা প্রতিহত করা এখন অপরিহার্য। তিনি বলেন, দুটি চেম্বারের মধ্যে বেশ কয়েক সপ্তাহের বিতর্কের পর পার্লামেন্টে আজ বিলটি পাস করে আইনে পরিণত করা হবে।
সাংবাদিকদের ঋষি সুনাক বলেন, যথেষ্ট হয়েছে। আর কোনো ঝামেলা নয়। আর দেরি করা হবে না।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর কঠোর অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল কনজারভেটিভ পার্টি।
তবে ইস্যুটি নিয়ে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব রয়েছে আইনি চ্যালেঞ্জের মুখে। এর আগে ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী থাকাকালীন বরিস জনসন প্রথম প্রস্তাবটি তুলেছিলেন। এখন পর্যন্ত যুক্তরাজ্যের কোনো অভিবাসনপ্রত্যাশীকে রুয়ান্ডায় পাঠানো হয়নি।
গত বছর বিলটি প্রসঙ্গে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, রুয়ান্ডায় অভিবাসী পাঠানো আন্তর্জাতিক আইনে অবৈধ। তবে দমে যাননি প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আশ্রয়প্রার্থীদের আফ্রিকার দেশটিতে পাঠাতে নতুন বিল নিয়ে পার্লামেন্টে গেছেন তিনি। নিজ দলের রক্ষণশীল আইন প্রণেতাদের বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত হাউস অব কমন্সে পাস হয়েছে বিলটি।
যুক্তরাজ্য সরকার বলেছে, আজ বিকেলে নিম্নকক্ষ হাউস অব কমন্সের নির্বাচিত সদস্যরা বিলটি অনুমোদন করলে উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনির্বাচিত সদস্যদের চাওয়া দুটি সংশোধনী মেনে নেওয়া হবে না।