Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরানিরা ৯ বছর পর ওমরার জন্য মক্কার পথে

আন্তর্জাতিক ডেস্ক

২২ এপ্রিল ২০২৪, ০২:৫০ পিএম

দীর্ঘ নয় বছর বিরতির পর পবিত্র ওমরা পালন করতে অবশেষে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের একদল মুসল্লি। সোমবার (২২ এপ্রিল) তেহরান থেকে পবিত্র মক্কার উদ্দেশে যাত্রা করে দলটি।

ইরানের সরকারি বার্তাসংস্থার বরাতে রয়টার্স জানায়, গত ৯ বছরের মধ্যে ইরানি ওমরাযাত্রীদের প্রথম দল সোমবার পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছে। মূলত সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়েছে।

ইরানি মিডিয়া গত ডিসেম্বরে বলেছিল, ওমরা করতে ইচ্ছুক ইরানিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। কিন্তু সোমবারের আগপর্যন্ত ইরান থেকে ওমরাযাত্রীদের নিয়ে কোনও ফ্লাইট ছেড়ে যায়নি। আর এটিকে তেহরান ‘প্রযুক্তিগত সমস্যা’ বলে অভিহিত করেছিল।

আরও পড়ুন: সৌদিতে ভারি বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট

এর আগে দীর্ঘদিন দূরে থাকার পর গত বছরের মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় ইরান ও সৌদি আরব। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবারও সম্পর্ক নতুন মাত্রা পায়। আর উভয় দেশের সম্পর্কের অগ্রগতির পেছনে মধ্যস্ততাকারী হিসেবে ছিল চীন।

মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে ২০১৬ সাল থেকে থেকে কোনও কূটনৈতিক সম্পর্ক ছিল না। সেবছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল। আর তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে। দুই দেশ একে অপরকে নিজের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হিসাবে বিবেচনা করে থাকে। সিরিয়া-ইয়েমেনের গৃহযুদ্ধসহ বেশ কয়েকটি আঞ্চলিক সংঘাতে পরোক্ষ লড়াইয়ে নিয়োজিত ছিল দেশ দুটি।

আরও পড়ুন: হজ ও ওমরা পালনকারীরা যেসব প্রতিদান পাবেন

রয়টার্স বলছে, গত বছর সম্পর্ক পুনরায় শুরু হওয়ার আগে ইরানিরা শুধুমাত্র হজ পালন করতে সৌদিতে যেতে পারত। এবার ওমরা করা শুরু হলো। ৮৫ জনের ওমরাযাত্রী দলের বিদায় অনুষ্ঠানে তেহরানের প্রধান বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি।