images

আন্তর্জাতিক

পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে অনেক এগিয়ে মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১২ পিএম

আরও একটু দুর্বল হলো ভারতীয় পাসপোর্ট। ২০২৪ সালের জন্য ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়েছে। এতে ৮৫তম স্থানে রয়েছে ভারতের পাসপোর্ট। প্রতিবেশী মালদ্বীপের চেয়ে ভারতের পাসপোর্ট অনেক পিছিয়ে। গত বছর ৮৪তম স্থানে ছিল এটি। এ বছর সবার উপরে রয়েছে ফ্রান্সের পাসপোর্ট।

গত বছর থেকে ভারতীয় পাসপোর্টধারীরা বিনা ভিসায় ৬২টি দেশে যাতায়াত করতে পারছেন। ইরান, থাইল্যান্ড, মালয়েশিয়া ঘোষণা করেছে, ভারতীয় পাসপোর্টধারীদের সেদেশে প্রবেশের জন্য ভিসা লাগবে না। খবর আনন্দবাজারের

আরও পড়ুন: দেড় মাসে ৭ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র

সূচকে ফ্রান্সের পরেই রয়েছে জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন। অন্য দিকে, গত বছরের মতো এ বছরও ১০৬ স্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশও সূচকে সামান্য নিচে নেমেছে। গত বছর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১ এ। এবার সেটি ১০২তম স্থানে রয়েছে।

মালদ্বীপ আগের মতোই সূচকে উপরের দিকে রয়েছে। তাদের অবস্থান ৫৮ তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা পৃথিবীর ৯৬টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: যে গ্রামের মানুষ খান মিয়ানমারে, ঘুমান ভারতে!

গত ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়। আন্তর্জাতিক বিমান পরিবহণ সংগঠন (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন)-এর নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়। পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যেই দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী।

একে