আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
ধরা যাক, আপনাকে এমন একটা বাড়িতে থাকতে দেওয়া হলো যার রান্নাঘার মিয়ানমারে, শোয়ার ঘর ভারতে। অবাক করার মতো মনে হলেও এমন আজব গ্রাম আছে ভারতে। এই গ্রামের ভৌগোলিক অবস্থান এমন যে তার একদিকটা ভারতে, অন্যদিকটা মিয়ানমারে। অর্থাৎ ভারত-মিয়ানমারের সীমান্তরেখা গ্রামের মাঝ দিয়ে চলে গেছে।
এই গ্রামের গ্রামপ্রধানের বাড়িটা এমন জায়গায় যে বাড়ির বুক চিরে চলে গেছে সীমান্ত। ফলে বাড়ির একটা দিক থেকে গেছে ভারতে, অন্যদিকটা মিয়ানমারে। দুই দেশেরই নাগরিকত্ব ভোগ করেন গ্রামপ্রধান। এদিক ওদিক যেতে তার কোনও ভিসা লাগে না। গ্রামপ্রধানের বাড়িতে রান্নাবান্না, খাওয়া দাওয়া হয় মিয়ানমারের দিকে। সেখানেই শষ্য ফলে। ক্ষেতের তাজা শাকসব্জি তুলে এনে রাঁধতে বসেন গ্রামপ্রধানের বৌ। মিয়ানমারেই হয় রান্না ও খাওয়া-দাওয়া। আবার ঘুমানোর ব্যবস্থা ভারতে। সেইদিকটায় পরিবারের সকলে ঘুমাতে আসেন। বৈঠকখানাও সেই দিকেই। গুল্পগুজব, আড্ডাও হয় ভারতে।
আরও পড়ুন: দুই হাজার গাড়ি, ছয় মাসের খাবার নিয়ে দিল্লি অভিমুখে কৃষকরা!
সবুজ পাহাড়, দিগন্ত বিস্তৃত গাছপালায় ভরা উপত্যকা, দুধসাদা মেঘ ফেনার মতো ভেসে বেড়াচ্ছে ইতি উতি। নাগাল্যান্ড বড়ই সুন্দর। ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য একেবারে স্বপ্নের জায়গা। পাহাড়, কুয়াশা, মেঘের সৌন্দর্য ছাপিয়েও আদিবাসীদের সভ্যতা-সংস্কৃতি নাগাল্যান্ডের মূল আকর্ষণ। এখানেই একটি ছবির মতো সুন্দর জেলা হলো মোন। সেখানে আদিবাসী কোনিয়াকরা বসবাস করেন।
মোনের একটি গ্রাম হল লংওয়া। এই গ্রামটি বড়ই অদ্ভুত। ব্রিটিশ শাসনের শেষ দিকে ভারত-মিয়ানমারের মধ্যে যে সীমান্ত টানা হয়েছিল তা এই গ্রামের মধ্যে দিয়েই গিয়েছিল। তাই গ্রামের অর্ধেকটা রয়ে গেছে ভারতে, আর বাকিটা মিয়ানমারে। লংওয়া গ্রামের লোকজন একই সঙ্গে মিয়ানমার ও ভারতে বাস করে। মিয়ানমার তাতে কোনও আপত্তি জানায়নি। দুই দেশেই তাদের অবাধ যাতায়াত। অনুমতির দরকারই পড়ে না।
লংওয়া গ্রামের কোনিয়াকরা আবার দুর্ধর্ষ মুণ্ডু শিকারি। ব্রিটিশ মিশনারী আর সেনাবাহিনীর চোখ রাঙানিতে মুণ্ডু শিকারের প্রখা বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু এখনও কোনিয়াকদের ঘরে ঢুঁ মারলে পিতলের খুলির মালা পাওয়া যাবে। কোনিয়াকরা বিশ্বাস করত যুদ্ধে যে গোষ্ঠী জিতবে তারা শত্রুপক্ষের মুণ্ডু কেটে বিজয়ের প্রতীক হিসেবে রেখে দেবে।
মুণ্ডু শিকারের ওই প্রথা ব্রিটিশ শাসনের সময় থেকেই একটু একটু বন্ধ করা হয়। তবে পাহাড়ের আড়ালে নরমুণ্ড শিকার এরপরও হয়েছে কিনা তা জানা নেই। এই নাগাদের সারা গায়ে উল্কি। তারা নিজেদের যোদ্ধা হিসেবেই পরিচয় দেয়। গ্রামবাসীরাই বলেন, মুণ্ডু কেটে নেওয়াটা তাদের জাতির বীরত্বের নিদর্শন। যদিও এমন কাজ আর এখন গ্রামে হয় না। শিক্ষার আলো ঢুকেছে লংওয়া গ্রামে। আইনের কড়া বাঁধুনিতে মুণ্ডু শিকারের প্রথা বিলুপ্ত হয়েছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ড পাওয়া ভারতের সেই ৮ নৌ-কর্মকর্তাকে ছেড়ে দিল কাতার
হিংসা, সংঘর্ষের জেরে নাগাল্যান্ড এখন রক্তাক্ত। কিন্তু উত্তর-পূর্বের এই ছোট্টো রাজ্যটি আদতে কিন্তু হাসিখুশি, শান্ত, নির্মল এবং চিরসবুজ।পাহাড়িয়া এই গ্রামের আদিবাসীরা এখনও সম্প্রীতির নিদর্শন বয়ে নিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে যোগসূত্র ধরে রেখেছে এই লংওয়া গ্রাম ও গ্রামের আদিবাসীরাই।
সূত্র: দ্য ওয়াল
একে