আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
ইসরায়েলি প্রতিষ্ঠানের কোনো জাহাজকে বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া। একই সঙ্গে ইসরায়েল অভিমুখী কোনও জাহাজ মালয়েশিয়ার বন্দরগুলোতে মালামাল বোঝাই করতে পারবে না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার জেরে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়া।
এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় বলেছে, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা ও বর্বরতা’ চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের জিআইএম শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করা হল।
আরও পড়ুন: গাজায় একদিনে নিহত ১০০, যুদ্ধবিরতি কতদূর?
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল-পতাকাবাহী আর কোনও জাহাজকে ডক না করতে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে ইসরায়েল অভিমুখী কোনও জাহাজ মালয়েশিয়ার বন্দরগুলোতে মালামাল বোঝাই করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এসব নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়।
আনোয়ার বলেন, ২০০২ সালে মালয়েশিয়ার মন্ত্রিসভা ইসরাইলে-নিবন্ধিত কোম্পানিগুলোকে মালয়েশিয়ায় নোঙর করার অনুমতি দেয়; এবং ২০০৫ সালে ইসরাইলি-নিবন্ধিত জাহাজগুলোকে মালয়েশিয়ায় নোঙর করার অনুমতি দেয়। তবে তিনি বলেন, আগের সেই সিদ্ধান্তগুলো এখন প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘে নতুন উদ্যোগ, মত পাল্টেছে যুক্তরাষ্ট্র
আনোয়ার আরও বলেন, ইসরাইল অভিমুখী যে কোনো জাহাজের বিরুদ্ধে মালয়েশিয়ার বন্দরগুলোতে পণ্য লোড করার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া। তিনি বলেন, মালয়েশিয়া নিশ্চিত যে, এই সিদ্ধান্ত চলমান বাণিজ্য কার্যক্রমকে প্রভাবিত করবে না।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭০০ এর বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে ৫ হাজারের বেশি নারী।
ইসরায়েলি হামলায় গাজায় আহত হওয়ার সংখ্যা ৫২ হাজারের বেশি। তাদের মধ্যে শিশু ৮ হাজার ৬৬৩টি এবং নারী ৬ হাজার ৩২৭ জন। এ ছাড়া গাজায় এখনো প্রায় আট হাজার মানুষ নিখোঁজ।
আরও পড়ুন: মন চাইলেই ফিলিস্তিনিদের বন্দী করছে ইসরায়েল, বাদ যাচ্ছে না শিশুও!
অন্যদিকে ৭ অক্টোবরের পর থেকে গতকাল পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ৩০১ জনের প্রাণ গেছে। এর মধ্যে ৭২টি শিশু। আহত ৩ হাজার ৩৬৫ জনের বেশি।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবরের আকস্মিক হামলায় ১৪০০ জন নিহত হয়েছে বলে জানায় ইসরায়েল। তবে পরে সেই সংখ্যা কমিয়ে ১২০০ করা হয়েছে। এছাড়া হামাস ইসরায়েল থেকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে এখনও হামাসের হাতে অন্তত ১৩৭ বন্দী রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
একে