Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কথা বলেছেন এরদোয়ান ও পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর ২০২৩, ০৩:০৭ পিএম

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক ফোনালাপে তারা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যেকার ক্রমবর্ধমান সংঘাত এবং এই অঞ্চলে চলমান মানবিক সংকট নিয়ে আলোচনা করেছেন।

তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, পুতিনকে এরদোয়ান বলেছেন যে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রতি মিনিটে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে।

তুরস্কের প্রেসিডেন্ট টুইট করে বলেন, ‘পশ্চিমা দেশগুলোর নীরবতার কারণে গাজার মানবিক সংকট প্রতিরোধে কিছু করা যাচ্ছে না।’

এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘তুরস্ক এই (মধ্যপ্রাচ্য) অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।’

গত ৭ অক্টোবর থেকে গাজায় বোমাবর্ষণ করছে ইসরায়েল। এছাড়া তারা ফিলিস্তিনি ভূখণ্ডটিকে অবরোধ করে রেখেছে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘অপারেশন সোর্ডস অব আয়রন’ অভিযান চালাচ্ছে।

আল-আকসা মসজিদে হামলা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে হামাস ‘আল-আকসা স্ট্রম’ অভিযান চানানোর পর গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। 

এ বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ৫,৭৯১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ